বিশ্বের ৪৯ দেশে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বিশ্বের ৪৯টি দেশ বাংলাদেশি পণ্যকে শুল্কমুক্ত বাজারসুবিধা প্রদান করছে। এই দেশগুলোর মধ্যে যেমন উন্নত দেশ রয়েছে, তেমনি রয়েছে উন্নয়নশীল দেশও। অবশ্য উন্নয়নশীল দেশগুলোর সবাই বাংলাদেশকে পূর্ণ শুল্কমুক্ত সুবিধা প্রদান করেনি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাতীয় সংসদে গতকাল এ তথ্য দিয়েছেন। সংসদে সরকারি দলের পিনু খানের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
শুল্কমুক্ত সুবিধার মানে হলো, পণ্য রপ্তানির জন্য কোনো শুল্ক প্রদান করতে হয় না। তবে দেশভেদে কাঁচামালের উৎসবিধি (অর্থাৎ কোনো পণ্য রপ্তানিতে কী পরিমাণ স্থানীয় কাঁচামাল ব্যবহার করা যাবে, তার শর্ত) পৃথক হয়ে থাকে।
বাণিজ্যমন্ত্রীর উপস্থাপিত তথ্যানুসারে, শুল্কমুক্ত সুবিধা প্রদানকারী দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশসহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, তুরস্ক ও কানাডা রয়েছে। এর বাইরে রাশিয়া ও বেলারুশ ৭১টি পণ্যে তাদের জিএসপি (জেনারালাইজ সিস্টেমস অব প্রেফারেন্স) আওতায় বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা প্রদান করছে।
অন্যদিকে দক্ষিণ কোরিয়া প্রেফারেন্সিয়াল ট্যারিফ ফর লিস্ট ডেভেলপড কান্ট্রিজের আওতায় চার হাজার ৮২০টি পণ্যে সব স্বল্পোন্নত দেশকে শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছে। একইভাবে চীন ‘ডিউটি ফ্রি ট্রিটমেন্ট গ্র্যান্টেড বাই চায়না’র আওতায় চার হাজার ৭৮৮টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছে। ফলে এ দুই দেশে বাংলাদেশের রপ্তানিযোগ্য প্রায় সব পণ্যই বাজারসুবিধা পাচ্ছে।
আঞ্চলিক বাণিজ্য জোটের আওতায় বাংলাদেশ কিছু শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ায় ভারত সাফটার আওতায় মাদক ও তামাক ছাড়া সব পণ্যে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। আর সাফটার আওতায় সার্কভুক্ত অন্য দেশগুলো (আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, পাকিস্তান ও মালদ্বীপ) বিভিন্ন পণ্যে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। মালয়েশিয়া ২৯৭টি পণ্যে ও বিমসটেকের আওতায় থাইল্যান্ড ২৯৯টি পণ্যে এ সুবিধা দিয়েছে।
যোগাযোগ করা হলে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে উন্নত দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশকে কোনো শুল্কমুক্ত বাজারসুবিধা দেয়নি। আর বাংলাদেশি পণ্যের একক বৃহত্তম বাজার হলো যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশি পণ্য গড়ে সর্বোচ্চ সাড়ে ১৫ শতাংশ হারে শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করে থাকে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১২ সালে যুক্তরাষ্ট্র ৪৯১ কোটি ৫০ লাখ ডলারের বাংলাদেশি পণ্য আমদানি করেছে। আর এ বছর আমদানি শুল্ক বাবদ মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগারে জমা পড়েছে ৭৩ কোটি ২০ লাখ ডলার।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, যেসব দেশে শুল্কমুক্ত বাজারসুবিধা পাওয়া গেছে, সেসব দেশে রপ্তানি আরও বাড়ানো সম্ভব। এর জন্য দরকার পণ্যের বহুমুখীকরণ। অর্থাৎ তৈরি পোশাকসহ গুটি কয়েক পণ্যের ওপর নির্ভরতা কমাতে হবে। কোন বাজারে কোন ধরনের পণ্যের চাহিদা কী রকম, সেটা বিশ্লেষণ করে সেসব পণ্য উৎপাদন ও রপ্তানির চেষ্টা করতে হবে।
মোস্তাফিজুর উদাহরণ দিয়ে বলেন, তৈরি পোশাকের ক্ষেত্রেও বাংলাদেশ প্রধানত প্রাথমিক পর্যায়ের কয়েকটি পণ্য (যেমন: টি-শার্ট, পোলো-শার্ট) বেশি রপ্তানি করে। কিন্তু মধ্য পর্যায়ের পণ্য (যেমন: ট্যাংটপ) বা আরও উঁচু মানের পণ্য প্রস্তুত ও রপ্তানির চেষ্টা করা উচিত। তাহলে বাংলাদেশের তৈরি পোশাকেই বৈচিত্র্য চলে আসবে। আর বিভিন্ন বাজারে রপ্তানি আরও বাড়বে।
বাজারসুবিধা অর্থবহ করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণেরও পরামর্শ দিয়ে তিনি বলেন, চীন ও ভারতের বাজারকে লক্ষ্য রেখে বিদেশি বিনিয়োগ এনে যদি পণ্য উৎপাদন ও রপ্তানি করা যায়, তাহলে আগামী দিনে বাংলাদেশ থেকে রপ্তানি বাড়বে। এ জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গঠনের পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, এসইজেড হলো কোনো দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য করার বিশেষ সুবিধাসহ নির্দিষ্ট এলাকা, যেখানে বিনিয়োগ ও উৎপাদন করলে কিছু ছাড় পাওয়া যায়। বাংলাদেশে এসইজেড গঠনের প্রক্রিয়া চলছে।