বিশ্বের ৮০ কোটি মানুষ ঠিকমতো খেতে পায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা গত এক দশকে বেশ কমেছে। তবে এখনো বিশ্বের মোট জনসংখ্যার প্রতি নয়জনের একজন ঠিকমতো খেতে পায় না। এমন মানুষের সংখ্যা ৮০ কোটি ৫০ লাখ।

অবশ্য গত ১৫ বছরে বিশ্বব্যাপী তীব্র অপুষ্টির শিকার মানুষের সংখ্যা কমেছে ১০ কোটিরও বেশি, যা ফিলিপাইনের মোট জনসংখ্যার সমান।

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) এক যৌথ প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। ‘খাদ্যনিরাপত্তাহীনতার বৈশ্বিক চিত্র’ শীর্ষক প্রতিবেদনটি গত মঙ্গলবার রোমে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বাংলাদেশের অপুষ্টির বিষয়টিও উঠে এসেছে। বলা হয়েছে, ১৯৯০-৯২ সময়ে দেশের তিন কোটি ৬০ লাখ মানুষ অপুষ্টিতে ভুগছিল, যা ছিল তখনকার মোট জনসংখ্যার ৩২ দশমিক ৮ শতাংশ। আর ২০১২-১৪ সময়ে এসে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে দুই কোটি ৬২ লাখে, যা এখনকার জনসংখ্যার ১৬ দশমিক ৭ শতাংশ।

আন্তর্জাতিক তিন সংস্থার প্রতিবেদনটি বলছে, পুষ্টি পরিস্থিতি উন্নয়নে উন্নয়নশীল দেশগুলোর সরকারের নেওয়া পদক্ষেপগুলো বেশ কাজে লেগেছে। আর এটি ২০১৫ সালের মধ্যে ক্ষুধার্ত মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার যে জাতিসংঘের লক্ষ্যমাত্রা রয়েছে, তা অর্জনে সহায়তা করছে।

তবে এত কিছুর পরও হাইতির মতো দেশের কোনো উন্নতি হয়নি। দেশটিতে ১৯৯০-৯২ সময়ে যেখানে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল ৪৪ লাখ, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখে।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক আর্থারিন কাজিন বলেছেন, ‘ক্ষুধার্ত পরিস্থিতির যে উন্নতি হয়েছে, তাতে আমরা এখনো খুশি হতে পারছি না। কারণ, ঠিকমতো খেতে না পাওয়া ৮০ কোটি ৫০ লাখ মানুষের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে হবে।’

আর্থারিন কাজিন আরও বলেন, ইবোলা ভাইরাস পশ্চিম আফ্রিকার খাদ্যনিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। আবার ইরাক ও সিরিয়ার মতো সংঘাতময় দেশগুলোর মানুষ দেখেছে যে, পর্যাপ্ত খাদ্যের সরবরাহ থাকা একটি দেশ কীভাবে কয়েক সপ্তাহের ব্যবধানে মারাত্মক খাদ্যসংকটে পড়ে যায়।

প্রকাশিত প্রতিবেদনটি বলছে, ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে তীব্র অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার যে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা জাতিসংঘের রয়েছে, তা ইতিমধ্যেই ২৫টি উন্নয়নশীল দেশ পূরণ করেছে। কিন্তু বাকি দেশগুলোর ওই লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি সময় হাতে নেই।

ব্রাজিল, ইন্দোনেশিয়া ও মালাওই এরই মধ্যে সেসব দেশের মোট জনসংখ্যার অনুপাতে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার জাতিসংঘের আরেকটি লক্ষ্যমাত্রা পূরণ করেছে। এটা সম্ভব হয়েছে দেশগুলোর সরকারের নেওয়া খাদ্য কর্মসূচিতে প্রচুর বিনিয়োগের মাধ্যমে।

তবে প্রতিবেদনে বিশ্বের অন্যান্য অঞ্চলে, বিশেষ করে সাব-সাহারান আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার দেশগুলোতে এখনো অনেক কিছু করার আছে বলে মত দেওয়া হয়েছে। কারণ, আগামী বছরের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর ক্ষুধার্ত মানুষের সংখ্যা বর্তমান ১৩ দশমিক ৫ শতাংশ থেকে ১১ দশমিক ৭ শতাংশে নামিয়ে আনতে হবে।

ডব্লিউএফপির আর্থারিন কাজিন অবশ্য আশাবাদী। তাঁর মতে, ‘আমাদের জীবদ্দশায় দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা সম্ভব। তবে এই প্রতিবেদন এ ক্ষেত্রে একটি সতর্কবার্তাও।’

সূত্র: এফএও, রয়টার্স।