বিশ্লেষণ ছাড়া রেন্টাল বিদ্যুতে যাওয়া ভুল হয়েছিল: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদা ও উৎপাদন বিশ্লেষণ না করে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট অনুমোদন ভুল হয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া কয়লানীতি চূড়ান্ত না করতে পারাও একটা বড় দুর্বলতা হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী। গত মঙ্গলবার রাতে মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং মাছরাঙা টেলিভিশন আয়োজিত প্রাক্-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমি সব সময়ই নৈতিকভাবে কালোটাকা সাদা করার বিপক্ষে। তবে শেয়ারবাজারে এবার যেসব সুবিধা রয়েছে, তা আর বাজেটে ছোঁয়াছুঁয়ি করা হবে না। কেননা, এই বাজার বেশ স্পর্শকাতর।’অর্থমন্ত্রী আরও বলেন, প্রতিটি দেশেই কালোটাকা আছে, থাকবে। কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ায় এই দেশে খুব একটা লাভ হয়নি। এ ছাড়া আয়কর আইনের আওতায় কালোটাকা সাদা করার সুযোগ রয়েছে।আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, চলতি বাজেটে কৃষিতে আট হাজার কোটি টাকার ভর্তুকি বরাদ্দ দেওয়া হয়েছিল। পরে তা সংশোধন করে ছয় হাজার কোটি টাকায় নামানো হয়। আগামী বাজেটে কৃষি খাতের ভর্তুকি এ রকমই থাকবে বলে উল্লেখ করেন তিনি।ঢাকার এক হোটেলে আয়োজিত এই প্রাক্-বাজেট সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি লতিফুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এমসিসিআইয়ের সহসভাপতি নিহাদ কবির। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সামষ্টিক অর্থনীতি: অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটের মূল লক্ষ্য প্রবৃদ্ধি অব্যাহত রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-সংকট মোকাবিলা, মানবসম্পদ উন্নয়ন ও নিরাপত্তাবলয় তৈরি করা।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার অতিরিক্ত ব্যাংকঋণ নিয়ে মূল্যস্ফীতি বাড়িয়ে দিচ্ছে। একদিকে ব্যাংক সুদের হার বেশি, আবার ব্যাংকে টাকাও নেই—এমন অবস্থায় উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারছেন না। বিদ্যুতের দাম বাড়ানো হলেও লোডশেডিং হচ্ছে।কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, যাঁরা কর দিতে পারেন, তাঁরা কর দেন না। করহার কমিয়ে আদায় ব্যবস্থা জোরদার করা উচিত।লতিফুর রহমান বলেন, ব্যাংক সুদের হার বেশি বলে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। বিনিয়োগ করা অর্থ উঠে আসার বিষয়টিও উদ্যোক্তাদের বিবেচনায় আনতে হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সুদের হার ১৬-১৭ শতাংশ হওয়ায় বিনিয়োগ উঠে আসতে ২০ শতাংশ লাভ করতে হবে উদ্যোক্তাদের।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক বিনায়ক সেন বলেন, তৈরি পোশাকশ্রমিক এখন আর মজুরি বৃদ্ধি চান না, তাঁরা চান সুলভ মূল্যে নিত্যপণ্য।জ্বালানি, কৃষি ও অবকাঠামো: জ্বালানি খাত সম্পর্কে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, সরকার উভয় সংকটে রয়েছে। একদিকে বেসরকারি খাত থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে সরকারকে কম দামে বিদ্যুৎ দিতে হচ্ছে। এতে ভর্তুকি বাড়ছে। এই চাপ থেকে শিগগিরই বেরিয়ে আসতে পারবে না সরকার। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, জ্বালানি খাতে ভর্তুকি দীর্ঘ মেয়াদে সুফল আনতে পারে না।কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানোর দাবি জানান বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন চৌধুরী। রাজস্ব: ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, যাঁরা করযোগ্য, তাঁদের সামনেই দেখা যায়। তাঁদের চিহ্নিত করতে হবে। তিনি সব ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বাধ্যতামূলক করারোপের প্রস্তাব করেন।কালোটাকা সাদা করাসহ শেয়ারবাজারে থাকা সব বাজেট প্রণোদনা অব্যাহত রাখার দাবি করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রকিবুর রহমান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি আল মারুফ খান।ব্যবসা ক্ষেত্রের চাহিদা: ওষুধশিল্পে বিদেশি বিনিয়োগের সুযোগ করে দিতে মুদ্রানীতি শিথিল করার পরামর্শ দেন বিশিষ্ট ব্যবসায়ী তপন চৌধুরী। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা রাখার দাবি জানান। ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিমের মতে, উন্নয়ন কর্মসূচিতে অবকাঠামো খাতকে অগ্রাধিকার দেওয়া উচিত। এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক কৃষি উপদেষ্টা সি এস করিম, সাবেক অর্থসচিব মতিউল ইসলাম ও সিদ্দিকুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নাসিম মঞ্জুর, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন, দ্য ডেইলি স্টার-এর উপসম্পাদক ইনাম আহমেদ, বণিক বার্তার সম্পাদক হানিফ মাহমুদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি খাজা মাঈনুদ্দিন প্রমুখ।