বিসিআই বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ করেছে
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) এক জরুরি সভায় বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুতের সরবরাহ ও সেবা বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ করেছে বিসিআই।সভায় বিসিআইয়ের সভাপতি শাহেদুল ইসলামসহ পরিচালকদের মধ্যে আবুল কালাম ভূঁইয়া, জিয়া হায়দার, আবুল কালাম আজাদ ও নুরউল্লাহ উপস্থিত ছিলেন।শাহেদুল ইসলাম বলেন, ‘গরম কেবল পড়তে শুরু করেছে। এর মধ্যেই দিনে কমপক্ষে চার থেকে পাঁচবার লোডশেডিংয়ের কবলে পড়ছি আমরা।’ তিনি বলেন, জানুয়ারি ২০১০-এ নারায়ণগঞ্জ শিল্প এলাকা ৪৪ বারে ১৫ ঘণ্টা এবং ফেব্রুয়ারিতে ৭৯ বারে ৩৬ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। মার্চে এর পরিমাণ আরও বাড়বে নিঃসন্দেহে। এতে করে দেশীয় শিল্প খাত আরও বিপর্যয়ের মুখোমুখি পড়তে যাচ্ছে। নতুন করে বাড়ছে গ্যাস-সংকট। গ্যাস ও বিদ্যুতের এমন সংকটের কথা জেনেও সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। সরকার বিদ্যুতের দাম বাড়ালেও সেবার মান বাড়াতে পারছে না। এটা অত্যন্ত হতাশাজনক।শাহেদুল ইসলাম আরও বলেন, বিদ্যুৎ গেলে আমাদের শিল্প কলকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হয় এবং যন্ত্রপাতি তার কর্মক্ষমতা হারায়। এমতাবস্থায় বিদ্যুতের সেবার মান বাড়ানো অত্যন্ত জরুরি। কখন কোন এলাকায় কত সময়ের জন্য লোডশেডিং হবে, তা গ্রাহকদের আগে থেকে জানানো দরকার। তাহলে গ্রাহকপর্যায়ে ক্ষতির পরিমাণ কমবে।সভায় বিসিআইয়ের পক্ষ থেকে যত দিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হয়, তত দিন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনকারী জ্বালানি ডিজেল ও ফার্নেস অয়েলের দাম কমানোর দাবি জানানো হয়।