বিসিআই শিল্পায়নের স্বার্থে একমুখী সেবাকেন্দ্র চায়
দেশব্যাপী দ্রুত শিল্পায়নের জন্য উদ্যোক্তাদের প্রয়োজনীয় উপযোগসেবা দেওয়ার লক্ষ্যে একমুখী সেবাকেন্দ্র (ওয়ানস্টপ সার্ভিস) স্থাপনের দাবি জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির নেতারা।সংগঠনের সভাপতি এ টি এম ওয়াজিউল্লাহর নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতারা গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠককালে এ দাবি জানান।শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে অন্যদের মধ্যে বিসিআইয়ের নবনির্বাচিত কমিটির ঊর্ধ্বতন সহসভাপতি শামসুর রহমান, সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, পরিচালক দেলোয়ার হোসেন, শহীদুল ইসলাম, ওমর ফারুক ভুঁইয়া, প্রীতি চক্রবর্তী, শামীম আহমেদ, মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকে নেতারা রুগ্ণ শিল্প পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার দাবি জানান। তাঁরা শিল্পঋণের সুদের হার কমানোর বিষয়ে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সেবা খাতের শিল্পগুলোর প্রসারের লক্ষ্যে তাঁরা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে শিল্পগুলোর সংযোগ জোরদারের পরামর্শ দেন। এ সময় তাঁরা প্রবাসী বাঙালিদের মধ্যে শেয়ার হস্তান্তরের মাধ্যমে রুগ্ণ শিল্পগুলো চাঙা করার প্রস্তাব তুলে ধরেন।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, শিল্প খাতের বিনিয়োগ থেকে রাতারাতি মুনাফা অর্জন সম্ভব নয়। তিনি শিল্পঋণের সুদের হার এক অঙ্কে নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেন।