বিসিআইএম দ্রুত কার্যকরের তাগিদ দিলেন শিল্পমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মিয়ানমার ফোরাম ফর রিজিওনাল কো-অপারেশনকে (বিসিআইএম) দ্রুত কার্যকর করার তাগিদ দিয়েছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া কানেক্ট নর্থ ইস্ট শীর্ষক এক সম্মেলনে তিনি এ তাগিদ দেন।
ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) দুই দিনের এ সম্মেলন আয়োজন করেছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ছাড়াও বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, রাশিয়া, জাপানসহ বিভিন্ন দেশ অংশ নিয়েছে।
সম্মেলনে গতকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টিআর জেইলিংও বক্তব্য দেন।
এ অঞ্চলের পাঁচ দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা চালুর তাগিদ দিয়ে আমির হোসেন আমু বলেন, ‘ভারত, বাংলাদেশ, চীন, ভুটান ও মিয়ানমার পৃথিবীর সবচেয়ে সম্পদশালী অঞ্চল। বিশ্বের ৯ শতাংশ জমির ওপর এই অঞ্চলের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিশ্বের ৭ দশমিক ৩ শতাংশ। করিডর চালু হলে বিপুল উৎপাদনরাশি সহজেই পৌঁছে যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।’
কথা প্রসঙ্গে শিল্পমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হবে।’ ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্কের প্রশংসার পাশাপাশি তিনি ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের নিবিড় বন্ধুত্বের কথাও স্মরণ করিয়ে দেন। পরে প্রথম আলোকে তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতে বিনিয়োগ করতে চাইলে সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত গৃহীত হবে। ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। একইভাবে ট্রানজিটসহ একাধিক বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি কিছু বলতে চাননি।
অন্যদিকে আগের দিনের মতো গতকালও বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। অন্যদিকে কেন্দ্রের মোদি সরকারেরও তীব্র সমালোচনা করেন। মানিক সরকার বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে দাদাগিরি দেখানো ঠিক নয়। প্রতিবেশীর শক্তি বা জনসংখ্যা দিয়েও তার বিচার করতে গেলে ভুল হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রক মাঝেমধ্যেই এই জায়গায় ভুল করে।’
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টিআর জেলিয়াং উত্তর-পূর্ব ভারতের দুর্বল যোগাযোগব্যবস্থার কথা উল্লেখ করেন। তাঁর মতে, খারাপ যোগাযোগব্যবস্থার কারণেই উন্নয়ন হচ্ছে না। আর উন্নয়ন নেই বলেই বাড়ছে সন্ত্রাস। তবে সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীও।