বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের (বিসিআইএম) মধ্যে আঞ্চলিক যোগাযোগ বাড়লে এসব দেশের অর্থনীতি লাভবান হবে। তবে এ অঞ্চলের যোগাযোগ স্থাপনে সংঘাত, মাদক চোরাচালান, অবকাঠামো দুর্বলতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবই প্রধান চ্যালেঞ্জ।
গতকাল মঙ্গলবার বেসরকারি সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বলা হয়, চীনের কুনমিং মিয়ানমারের মান্দালয় ও বাংলাদেশের ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত বাণিজ্যপথ তৈরি করা হলে এশিয়ার তিনটি অঞ্চলের মধ্যে যোগসূত্র স্থাপন করা যাবে। এগুলো হলো দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়া। প্রস্তাবিত এ বাণিজ্যপথটি ‘কে টু কে’ নামে পরিচিত।
সেমিনারে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপনকারীরা হলেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক এস এম জাহেদুল ইসলাম, বিলিয়ার গবেষক নুর মোহাম্মদ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় এমফিল প্রার্থী সুলতানা ইয়াসমিন ও বিলিয়া গবেষক অমিতি সাহা।
মূল প্রবন্ধের ওপর নির্ধারিত আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন। তিনি মনে করেন, রাজনীতিবিদদের অতিমাত্রায় জাতীয়বাদী ধারণাই এ ধরনের আঞ্চলিক যোগাযোগের বড় বাধা।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ আজিজুল হক। স্বাগত বক্তব্য দেন বিলিয়ার সম্মানীয় পরিচালক শাহদীন মালিক।