
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেছেন, বিসিআইএম অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে তা চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোডে’র সঙ্গে যুক্ত হবে। বিসিআইএম করিডর থেকেই সবচেয়ে বেশি সুফল লাভের সুযোগ আছে বাংলাদেশের। অর্থনৈতিক করিডর বাস্তবায়নের জন্য বাংলাদেশ, চীন ও ভারত তাদের কৌশলপত্র চূড়ান্ত করেছে।
গতকাল বৃহস্পতিবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ত্রৈমাসিক মধ্যাহ্ন ভোজসভায় প্রধান
অতিথির বক্তৃতায় পররাষ্ট্রসচিব এ কথা বলেন।
এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর তাঁর স্বাগত বক্তৃতায় চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’সহ বৈশ্বিক নানা উদ্যোগের প্রসঙ্গ টেনে এ প্রক্রিয়ায় যুক্ত হয়ে বাংলাদেশের সুফল পাওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে সরকারের সঙ্গে কৌশল প্রণয়নে সরকারের সক্রিয় অংশীদার হিসেবে থাকার অঙ্গীকার করছে এমসিসিআই।
এশিয়াজুড়ে সড়ক, রেল, বন্দর ও অন্যান্য অবকাঠামো তৈরি করে চীন তার অর্থনীতিকে আরও জোরালোভাবে বিশ্বের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। চীন তার এই পরিকল্পনাকে ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ হিসেবে আখ্যায়িত করছে।
‘বাংলাদেশ ইকোনমি বাই ২০৩০/২০৩৫: চ্যালেঞ্জেস, প্রসপেক্টস, পার্টনারশিপ’ শীর্ষক বক্তৃতায় শহীদুল হক বলেন, ‘বিসিআইএমের (বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার) অর্থনৈতিক করিডরের ব্যাপারে সব দেশ নিজেদের কৌশলপত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ও চীন নিজেদের কৌশলপত্র চূড়ান্ত করেছে। গত সপ্তাহে ভারত তাদের কৌশলপত্র আমাদের সঙ্গে বিনিময় করেছে। আমরা এখন মিয়ানমারের অপেক্ষায় আছি। বাংলাদেশ ২০১৪ সালের ডিসেম্বরে দ্বিতীয় বৈঠকের আয়োজন করেছিল। ভারত এখন তৃতীয় বৈঠক আয়োজনের অপেক্ষায় আছে। এ বৈঠকের মাধ্যমে চার দেশ করিডর বাস্তবায়নের একটি রূপরেখা চূড়ান্ত করবে। আর বিসিআইএম করিডর শেষ পর্যন্ত চীনের ওয়ান বেল্ট ওয়ান করিডরের সঙ্গে যুক্ত হবে।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিল, প্রাইজ ওয়াটারহাউস কুপারস ও পিউ রিসার্চ সেন্টারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান টেনে বাংলাদেশের স্থিতিশীলতা, বহুমত ভিত্তিক গণতন্ত্র, বৈচিত্র্যময় ও দায়িত্বশীল নাগরিক সমাজের শক্তিমত্তার কথা বলেন শহীদুল হক। ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক তরুণ জনগোষ্ঠী, সক্রিয় উদ্যোক্তা গোষ্ঠী এবং বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার গুরুত্ব দেন তিনি। তবে এসব সুযোগ ও সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, সন্ত্রাস ও সহিংস উগ্রপন্থা এবং দ্রুত অর্থনৈতিক পরিবর্তন ও আন্তর্জাতিক নিয়মকানুন, প্রক্রিয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সীমাবদ্ধতার চ্যালেঞ্জও আছে বাংলাদেশের সামনে। কাজেই ভবিষ্যতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সম্ভাবনা ও সুযোগকে কাজে লাগাতে হলে চ্যালেঞ্জগুলোকে ঠিকভাবে মোকাবিলা করতে হবে।
ধন্যবাদ জ্ঞাপন করেন এমসিসিআইয়ের সহসভাপতি আক্তার মতিন চৌধুরী।