বিসিআইয়ের উদ্যোগে লন্ডনে বাংলাদেশি পণ্যের মেলা
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এবং ইউকে এশিয়া ট্রেড অ্যান্ড ট্যুরিজমের (ইউকেএটিটি) যৌথ উদ্যোগে লন্ডনে ‘এক্সপো-২০১০ বাংলাদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী বাংলাদেশি পণ্যের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ব্যাপারে উভয় পক্ষের মধ্যে গতকাল বুধবার ঢাকায় একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিআইয়ের সভাপতি শাহেদুল ইসলাম ও ইউকেএটিটির প্রধান নির্বাহী খোরশেদ আলম নিজ নিজ সংগঠনের পক্ষে এ চুক্তিতে সই করেন। আগামী ৮ থেকে ১০ মে অনুষ্ঠেয় এ মেলায় বাংলাদেশের নানা ধরনের দেশীয় পণ্য প্রদর্শন করা হবে। গুণগতমানসম্পন্ন এসব পণ্য বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে সমর্থ হবে বলে উভয় পক্ষ আশা করছে। শাহেদুল ইসলাম বলেন, ‘যুক্তরাজ্যে বাংলাদেশের পণ্যের বাজার তৈরিতে এই মেলা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।’ ইউকেএটিটির প্রধান নির্বাহী বলেন, ‘লন্ডনে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এ মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা পণ্য প্রদর্শনের মাধ্যমে লন্ডনে তাঁদের পণ্যের বাজার প্রসারিত করতে পারবেন।’ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিআইয়ের পরিচালক আবুল কালাম ভূঁইয়া ও নূরউল্লাহ এবং লন্ডনে অনুষ্ঠেয় মেলার প্রধান সমন্বয়কারী ও বিসিআইয়ের সাবেক পরিচালক আবদুল তাহিদ মজুমদার। বিজ্ঞপ্তি।