বিসিআইয়ের দেশীয় পণ্যের মেলা আগামীকাল শুরু
আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী দেশীয় পণ্যের মেলা। ‘আমার পণ্য আমার দেশ’ শীর্ষক গৃহীত সচেতনতামূলক কার্যক্রমের আওতায় দেশীয় পণ্য ও সেবা জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), কার্নিভাল এবং ইথ্রি সলিউশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া এফবিসিসিআইয়ের সভাপতি আনিসুল হক, বিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, এফবিসিসিআইয়ের পরিচালক ও আরটিভির ভাইস চেয়ারম্যান মো. জসিমউদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।মেলার শেষ দিনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রধান অতিথি এবং সাংসদ রাশেদ খান মেনন, সাংসদ জাহিদ মালেক ও শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।উদ্যোক্তারা জানিয়েছেন মেলায় পাট, বস্ত্র, খাদ্য-পানীয়, প্রসাধন, প্লাস্টিকের আসবাব, ব্যাটারি, কৃষি, সিরামিকস ও ইলেকট্রনিকস খাতের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে।মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।