বিসিকে বিনিয়োগ-উৎপাদন বাড়ছে
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরগুলোয় বিনিয়োগ বাড়ছে। বাড়ছে উৎপাদনও।২০১০-১১ অর্থবছরে ৭৪টি শিল্পনগরে বিনিয়োগের পরিমাণ ছিল ১৪ হাজার ৭৯০ কোটি টাকা। আর গত অর্থবছরে সেখানে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭১ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে এসব শিল্পনগরে নতুন করে বিনিয়োগ হয়েছে ৯৮১ কোটি টাকা।ওই এক বছরে বিসিকের আওতাধীন এসব শিল্পনগরে বেড়েছে পণ্য উৎপাদনও। ২০১০-১১ অর্থবছরে যেখানে পণ্য উৎপাদনের পরিমাণ ছিল ২৯ হাজার ২৮ কোটি টাকার, সেখানে গত অর্থবছরে উৎপাদিত হয়েছে ৩২ হাজার ২০৩ কোটি টাকার পণ্য।শুধু তা-ই নয়, ওই এক বছরে বিসিকে নতুন করে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ লোকের। বিসিক থেকে এসব তথ্য পাওয়া গেছে।বিসিকের পরিচালক (প্রযুক্তি) আবু তাহের খান প্রথম আলোকে বলেন, নিট পোশাক, বুটিক পোশাক, ইলেকট্রিকপণ্যসহ নির্মাণ সামগ্রী, চামড়াজাত পণ্য, হস্তশিল্পজাত পণ্যসহ কয়েকটি খাতে স্থানীয় চাহিদা ও রপ্তানির সুযোগ বাড়ছে। সেসব কারণে এসব খাতে বিনিয়োগও বাড়ছে।আবু তাহের খান বলেন, ‘ইদানীং কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষিত তরুণেরা চাকরির পেছনে না ঘুরে নিজেই কিছু করার চেষ্টা করছেন। তথ্যপ্রযুক্তিসহ সেবা খাতের দিকেই তাঁদের আগ্রহ বেশি। সেসব খাতে তাঁরা বিনিয়োগও করছেন। বিসিকে বিনিয়োগ বাড়ার এটি একটি বড় কারণ।’বিনিয়োগচিত্র: বিসিক থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ২০০৬-০৭ অর্থবছরে বিসিকের আওতাধীন ৭০টি শিল্পনগরে তিন হাজার ৩৯টি ইউনিটে বিনিয়োগ হয় আট হাজার ৯০ কোটি টাকা। পরের অর্থবছরে শিল্পনগরের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৪টিতে। আর স্বাভাবিক কারণেই বিনিয়োগ বেড়ে দাঁড়ায় ১০ হাজার ১৩৬ কোটি টাকা। ২০০৮-০৯ অর্থবছরে শিল্পনগরের সংখ্যা না বাড়লেও সেখানে বিনিয়োগের পরিমাণ বেশ বেড়ে যায়। ওই বছর তিন হাজার ৪৪৯ কোটি টাকা বেড়ে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ৫৮৫ কোটি টাকা। পরের অর্থবছরে শিল্পনগরে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১৪ হাজার ১৯৯ কোটি টাকা।বিসিকের কর্মকর্তারা বলছেন, আগে ক্ষুদ্র শিল্প বলতে শুধু গ্রামভিত্তিক কিছু শিল্পকে বোঝানো হতো। তখন এর মূলধনের সীমাও কম ছিল। কিন্তু সময়ের পরিবর্তনে ক্ষুদ্র শিল্পে বিনিয়োগ হওয়া মূলধনের পরিমাণ বেড়েছে। ফলে নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ খাতে ক্ষুদ্র পরিসরে বিনিয়োগ হচ্ছে। এতে সামগ্রিকভাবে বিনিয়োগ বাড়ছে।বিসিকের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, বিসিকে বিদেশি বিনিয়োগের পরিমাণ খুব বেশি না। তবে এখানে রপ্তানিমুখী শিল্প খাতে বিনিয়োগ বাড়ছে। বিশেষ করে হোসিয়ারি খাতে বিনিয়োগ বৃদ্ধি চোখে পড়ার মতো।উৎপাদনচিত্র: ২০০৬-০৭ অর্থবছরে বিসিকের আওতাধীন শিল্পনগরের সংখ্যা ছিল ৭০টি। এসব শিল্পনগরে তিন হাজার ৩৯টি ইউনিটে পণ্য উৎপাদন হতো। সে বছর বিসিকে ১৫ হাজার ১৩১ কোটি টাকার পণ্য উৎপাদন হয়। এর মধ্যে পাঁচ হাজার ৫৫০ কোটি টাকার পণ্য রপ্তানি হয়।পরের অর্থবছরে বিসিকের ৭৪ শিল্পনগরে যুক্ত হয় আরও ৩১৩টি শিল্প ইউনিট। এসব ইউনিটের ২৩ হাজার ৪১৮ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়। এর মধ্যে রপ্তানিযোগ্য পণ্য ছিল ১২ হাজার ৩০৬ কোটি টাকার।২০০৮-০৯ অর্থবছরে তিন হাজার ৫৪০টি শিল্প ইউনিটে পণ্য উৎপাদিত হয় ২৪ হাজার ৬৮৪ কোটি টাকার। এর মধ্যে ১৩ হাজার ৩৫৮ কোটি টাকার পণ্য রপ্তানি হয়।পরের অর্থবছরে তিন হাজার ৬৮৮টি শিল্প ইউনিটে ২৭ হাজার ৩৬১ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়। এর মধ্যে ১৫ হাজার ২০৪ কোটি টাকার পণ্যই ছিল রপ্তানিযোগ্য।কর্মসংস্থান: বিসিক বলছে, আওতাধীন শিল্পনগরগুলোতে প্রতিবছরই নিয়োজিত শ্রমিকের সংখ্যা বেড়েছে। সেদিক থেকে কর্মসংস্থান সৃষ্টিতে বিসিক বড় ধরনের ভূমিকা রাখছে।২০০৬-০৭ অর্থবছরে বিসিকের শিল্পনগরগুলোতে দুই লাখ ৯৮ হাজার লোকের কর্মসংস্থান হয়। পরের বছর বিসিকে নতুন করে কর্মসংস্থান হয় আরও ৪২ হাজার শ্রমিকের। ২০০৮-০৯ অর্থবছরে বিসিকে মোট কর্মসংস্থান হয় তিন লাখ ৪২ হাজার লোকের। পরের অর্থবছরে এর সঙ্গে নতুন করে যুক্ত হয় আরও ৫১ হাজার। আর ২০০৯-১০ অর্থবছরে বিসিকে কর্মসংস্থান হয় আরও ৫২ হাজার লোকের। গত পাঁচ অর্থবছরের চিত্রঅর্থবছর বিনিয়োগ উৎপাদন২০০৭-০৮ ১০,১৩৬ ২৩,৪১৮২০০৮-০৯ ১৩,৫৮৫ ২৪,৬৮৪২০০৯-১০ ১৪,১৯৯ ২৭,৩৬১২০১০-১১ ১৪,৭৯০ ২৯,০২৮২০১১-১২ ১৫,৭৭১ ৩২,২০৩* বিনিয়োগ ও উৎপাদন কোটি টাকায়