গত ২০১১-১২ অর্থবছরে সারা দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) অধীন ৭৪টি শিল্পনগরে ৩২ হাজার ২০১ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়েছে। যার মধ্যে ১৮ হাজার ৭৬১ কোটি টাকার পণ্যই ছিল রপ্তানিমুখী। বিসিক কার্যালয়ে গতকাল সোমবার শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর সঙ্গে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিল্পনগরের ব্যবস্থাপক ও কর্মচারী নেতাদের পৃথক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত জুন পর্যন্ত বিসিকের শিল্পনগরগুলোতে মোট চার লাখ ৫৬ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে। গতকাল শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। মতবিনিময় সভায় ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে বিরাজমান সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে এলাকাভিত্তিক শিল্প উন্নয়ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ সময় সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা বিসিকের কার্যক্রমে গতি আনতে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। সভায় সংস্থাটির চেয়ারম্যান ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন।প্রতিমন্ত্রী ওমর ফারুক বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কার্যকর বিকাশের জন্য বিসিককে আরও জোরদার করতে হবে। শিল্পোদ্যোক্তারা যেন সেবা গ্রহণ করতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। সরকার গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হলে সংস্থাটির ভাবমূর্তির সংকট অনেকাংশে কাটবে বলেও শিল্প প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।