বিসিকের শরৎ মেলা ও কারুশিল্প প্রদর্শনী শুরু
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে গতকাল রোববার থেকে পাঁচ দিনব্যাপী শরৎ মেলা ১৪২২ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী শুরু হয়েছে। মতিঝিলে বিসিকের নিজস্ব ভবনে এ প্রদর্শনী চলছে। এতে বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্পপণ্যের ৪৭টি স্টল রয়েছে।
বিসিকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মেলায় অংশগ্রহণকারী কারুশিল্পীরা উপস্থিত ছিলেন।
বিসিকের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের বিভিন্ন পণ্যসামগ্রীর পরিচিতি ও বাজার সৃষ্টির মাধ্যমে তাঁদের সহায়তা করার উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের পোশাক, নকশিকাঁথা, তাঁত ও জামদানি শাড়ি, পাটজাত হস্তশিল্প, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত মধু, খাদ্যজাত সামগ্রীসহ হস্ত ও কুটির শিল্প পণ্যের সমারোহ ঘটেছে।
মেলা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।