বিসিকের ৫৬৪টি প্লটে শিল্প নেই

সারা দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্পনগরগুলোতে ৫৬৪টি শিল্পকারখানা করার প্লট অব্যবহৃত পড়ে আছে। এসব প্লটের মালিকেরা শিল্প করবেন বলে বিসিকের কাছ থেকে প্লট নিয়েছিলেন। কিন্তু কারখানা না করে তা ফেলে রেখেছেন।
২০১৩-১৪ অর্থবছরের বিসিকের কার্যক্রম নিয়ে তৈরি করা এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে গত জুন পর্যন্ত সময়ের তথ্য নিয়ে।
তবে প্লট নিয়ে যাঁরা ফেলে রেখেছেন, তাঁদের বিরুদ্ধে এখন কঠোর হয়েছে বিসিক। গত অর্থবছরে শিল্প না গড়ায় ১৩০টি প্লটের বরাদ্দ বাতিল করে সংস্থাটি। এসব প্লটে ৭৪টি শিল্পকারখানা গড়ে তোলার কথা ছিল। শুধু জুন মাসেই প্লট বাতিল করা হয়েছে ২৫টি।
বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার প্রথম আলোকে বলেন, ‘দেশীয় শিল্পের স্বার্থেই প্লট নিয়ে যারা ফেলে রেখেছেন, তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর হয়েছি। ইতিমধ্যে অনেকের নামে বরাদ্দ প্লট বাতিল শুরু করেছি। এখন থেকে এভাবে বাতিল হতে থাকবে। আর বাতিল করা প্লট প্রকৃত উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে, যেন সেখানে শিল্পকারখানা গড়ে ওঠে।’
করপোরেশনের কর্মকর্তারা বলছেন, সুনির্দিষ্ট শিল্পকারখানা করার প্রকল্প প্রস্তাবের ভিত্তিতেই প্লট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে উদ্যোক্তারা প্রতিশ্রুত সময়সীমার মধ্যে কারখানা করেন না, প্লট ফেলে রাখেন। এখন প্রকল্প প্রস্তাব পাওয়ার পর সম্ভাব্যতা যাচাই করে উদ্যোক্তাদের প্লট দেওয়া হচ্ছে। প্লট নিয়ে প্রতিশ্রুত সময়ের মধ্যে যদি কেউ কারখানা না করেন, তাহলে তাঁদের প্লটও বাতিল করা হবে।
বিসিকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তারা প্লট নেওয়ার সময় কোন ধরনের শিল্প করবেন, কত দিনের মধ্যে করবেন, তা উল্লেখ করেন। আবার প্লট বরাদ্দ দেওয়ার সময় বিসিক কর্তৃপক্ষও এ বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে শিল্পকারখানা করছেন না অনেক উদ্যোক্তা। তিনি আরও বলেন, একজন উদ্যোক্তা সর্বোচ্চ কতটুকু প্লট পাবেন, সে বিষয়ে আগে সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। সে কারণে অনেকে বেশি প্লট নিয়ে ফেলে রাখতেন। এটি যেন আর না হয়, সে জন্য একটি নীতিমালা করা হচ্ছে।
প্লটগুলো ৯৯ বছরের জন্য ইজারা দেওয়া হয়। উদ্যোক্তারা চাইলে একবারে প্লটের পুরো অর্থ পরিশোধ করতে পারেন। আবার ১০ বছরে কিস্তিতেও পরিশোধ করতে পারেন। তবে প্লটের মালিক শর্ত ভঙ্গ করলে বিসিক ওই প্লট বাতিল করতে পারে।
একেক শিল্পনগরে একরপ্রতি প্লটের মূল্য একেক রকম। গাজীপুর জেলার জয়দেবপুর শিল্পনগরে শিল্পপ্লটের একরপ্রতি জমির মূল্য চার কোটি ৪৭ লাখ টাকা। আবার মাদারিপুর শিল্পনগরে একরপ্রতি জমির মূল্য ৩০ লাখ টাকা।
বিসিকের ৭৪টি শিল্পনগরে এখন মোট শিল্পপ্লট আছে ১০ হাজার ৩৩৮টি। এর মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে নয় হাজার ৭৭৯টি। এসব প্লটে শিল্পকারখানা হওয়ার কথা পাঁচ হাজার ৬৭৮টি। তবে বর্তমানে উৎপাদনরত আছে চার হাজার ১০৪টি শিল্পকারখানা। শিল্পকারখানা তৈরির কাজ চলছে ৫৩২টিতে। আর বন্ধ আছে ৪৭৮টি শিল্পকারখানা।
অনেক ক্ষেত্রে একাধিক প্লট নিয়েও একটি বড় শিল্পকারখানা গড়ে তোলা হয়। সে কারণেই বরাদ্দকৃত প্লট আর গড়ে ওঠা শিল্পকারখানার সংখ্যায় তারতম্য দেখা যায়।
কোথায়, কত প্লট খালি: সংস্থার হিসাবে, ঢাকা অঞ্চলের শিল্পনগরে সবচেয়ে বেশি প্লট খালি পড়ে আছে। ঢাকায় ২৪টি শিল্পনগরে তিন হাজার ৭৩০টি প্লট থাকলেও বরাদ্দ হয়েছে তিন হাজার ৬৪৩টির। এসব প্লটে শিল্প হওয়ার কথা ছিল দুই হাজার ৭৪২টি। কিন্তু হয়েছে এক হাজার ৩৩টি শিল্প। খালি পড়ে আছে ২৩৮টি শিল্প গড়ার প্লট। আর নির্মাণকাজ চলছে ২৪৪টির।
ঢাকার শিল্পনগরগুলোর মধ্যে বেশি প্লট অব্যবহৃত আছে নেত্রকোনার বিসিক শিল্পনগরে, ৫৬টি। এ ছাড়া কিশোরগঞ্জ শিল্পনগরে ৩১টি শিল্পকারখানা করার মতো প্লট অব্যবহৃত পড়ে আছে।
চট্টগ্রাম অঞ্চলের ২১টি শিল্পনগরে দুই হাজার ৪৪০টি প্লটের মধ্যে বরাদ্দ হয়েছে দুই হাজার ২৬৮টির। এসব প্লটে এক হাজার ২৮০টি শিল্প গড়ে ওঠার কথা। কিন্তু এখন আছে ৯৩৯টি। ১৩৮টি শিল্পের নির্মাণকাজ চলছে। আর ১০৯টি কারখানার কাজ এখনো শুরুই হয়নি। অর্থাৎ, এসব প্লট ফেলে রাখা হয়েছে।
চট্টগ্রামের শিল্পনগরগুলোর মধ্যে বেশি প্লট অব্যবহৃত আছে রাঙামাটি বিসিক শিল্পনগরে, ২৭টি। এ ছাড়া নোয়াখালী শিল্পনগরে ২৪টি শিল্পকারখানা করার মতো প্লট অব্যবহৃত পড়ে আছে।
খুলনা অঞ্চলের ১১টি শিল্পনগরে এক হাজার ৭৯০টি প্লটের মধ্যে বরাদ্দ হয়েছে এক হাজার ৫৮৬টির। এসব প্লটে ৬৮৮টি শিল্প হওয়ার কথা। কিন্তু বর্তমানে আছে ৪০২টি। প্লট নিয়ে ফেলে রাখা হয়েছে ১০৫টি। আর নির্মাণকাজ চলছে ৮৮টির।
রাজশাহী অঞ্চলের শিল্পনগরগুলোতে অবশ্য প্লট ফেলে রাখার নজির কম। এ অঞ্চলে বিসিকের ১৭টি শিল্পনগর আছে। তাতে দুই হাজার ৩৭৮টি শিল্প প্লটের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে দুই হাজার ২৮২টি প্লট। এতে ৯৬৮টি শিল্পকারখানা হওয়ার কথা থাকলেও উৎপাদনে আছে ৮৩০টি। নির্মাণকাজ চলছে ৬২টি শিল্পকারখানার। শুরুই হয়নি ২২টি কারখানার নির্মাণ কাজ।
রাজশাহী অঞ্চলের বিসিক শিল্পনগরগুলোর মধ্যে কেবল কুড়িগ্রাম শিল্পনগরেই শিল্প প্লট ফেলে রাখার খানিকটা প্রবণতা দেখা গেছে। এখানে ১০টি শিল্পকারখানা না করে এর প্লটগুলো ফেলে রাখা হয়েছে।
বন্ধ কারখানা: বিসিকের শিল্পনগরগুলোতে প্লট নিয়ে শিল্পকারখানা না করার পাশাপাশি আরেকটি চিত্রও দেখা গেছে। বিদ্যমান অনেক কারখানাই এখন রুগ্ণ এবং বন্ধ হয়ে আছে। সারা দেশে শিল্পনগরগুলোতে এমন বন্ধ শিল্পকারখানার সংখ্যা ৪৭৮। গত বছরের জুনে বন্ধ শিল্পকারখানার সংখ্যা ছিল ২৮৫।
এক বছরের মধ্যে এত শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে বিসিকের পরিচালক আবু তাহের খান প্রথম আলোকে বলেন, ‘বন্ধ হয়ে যাওয়া কারখানার মধ্যে জামদানি শিল্পনগরেই আছে ১২১টি কারখানা। সেখানকার তাঁতিদের বেশির ভাগেরই পুঁজি কম। তাই গোপনে তাঁরা তাঁদের প্লট মধ্যস্বত্বভোগীদের (যারা তাঁতি নয়) কাছে হস্তান্তর করে দেন। পরে বিষয়টি ধরতে পেরে আমরা কঠোর হলে মধ্যস্বত্বভোগীরা সরে পড়ে। সে কারণেই সেখানে হঠাৎ অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে।’
তবে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোতে কতজন শ্রমিক কাজ করতেন, তার কোনো তথ্য বিসিকের কাছে পাওয়া যায়নি।
প্লট বাতিল: প্লট নিয়ে ফেলে রাখায় জুন পর্যন্ত ১৩০টি প্লটের বরাদ্দ বাতিল করেছে বিসিক। তবে বিসিক সূত্র জানিয়েছে, আগস্ট পর্যন্ত ৩২৭টি প্লট বাতিল করা হয়েছে।