বিসিবির মধ্যস্থতার আশ্বাসে আপাতত নমনীয় এনবিআর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর রাজস্বসংক্রান্ত দেনা-পাওনার জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিগগিরই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ফ্র্যাঞ্চাইজি (দলগুলোর মালিকপক্ষ) ও বিসিবির মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হবে। বিসিবি নিজেই এ বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে। বিসিবির এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে পাওনা আদায়ে ব্যাংক হিসাব জব্দসহ কঠোর পদক্ষেপ আপাতত নেবে না এনবিআর। গতকাল রোববার এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। বৈঠকে বিসিবির পক্ষ থেকে পাওনা পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এমনকি কোনো দল পাওনা পরিশোধে ব্যর্থ হলে এর দায়ও নিতে রাজি আছে বিসিবি। এনবিআরের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এনবিআর ও কর গোয়েন্দা পরিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, বিপিএলের দলগুলোর সব পাওনা পরিশোধ করা হবে। কোনো দল পাওনা পরিশোধ করতে ব্যর্থ হলে বিসিবি এ দায় পরিশোধের উদ্যোগ নেবে। তিনি আরও বলেন, প্রথমবারের মতো বিপিএল আয়োজন করতে গিয়ে কিছু ভুল-বোঝাবুঝি হয়েছিল। তবে তা এখন সংশোধন হচ্ছে। ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না। কর পরিদর্শন পরিদপ্তরের মহা-পরিচালক কানন কুমার রায় প্রথম আলোকে, ‘বিপিএল বন্ধ হোক, এটা আমরাও চাই না। বিসিবি আশ্বাস দিয়েছে, পাওনা পরিশোধে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’ কয়েক মাস আগে এসব দলের কাছে পাওনা আদায় ও নিরীক্ষা করতে কানন কুমার রায়ের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রাক্কলন অনুযায়ী, ছয়টি দলের মালিক প্রতিষ্ঠানের কাছে খেলোয়াড়দের দেওয়া সম্মানী, টিকিট বিক্রি ও অন্যান্য ক্ষেত্র ২৫ কোটি টাকা কর নির্ধারণ করা হয়। এর মধ্যে সাড়ে তিন কোটি টাকা দিয়েছে প্রতিষ্ঠানগুলো। পাওনা পরিশোধের তাগাদা দিয়ে এই কমিটির পক্ষ থেকে কয়েক দফা চিঠি দেওয়া হয়।