বিড়িশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিড়িশিল্পের শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরির হার নির্ধারণ করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি তাঁদের জন্য নিম্নতম মজুরির হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শ্রমিকেরা মজুরি পাবেন প্রতি হাজার বিড়ি তৈরিতে ৩১ টাকা ৫০ পয়সা। আর কর্মচারীরা মজুরি পাবেন সব মিলিয়ে মাসিক ৬ হাজার ৬২০ টাকা।
তামাক নিয়ে গবেষণা করা বেসরকারি সংস্থা প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এ বি এম জোবায়ের মজুরির এই হারকে অমানবিক বলে মন্তব্য করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘এই বাজারে এই সামান্য মজুরি দিয়ে জীবন চলে না। সরকারের উচিত তা পুনর্বিবেচনা করা।’ মজুরির হার নির্ধারণে শ্রমিকদের চেয়ে মালিকের স্বার্থই সরকার বেশি দেখেছে বলে মনে করেন তিনি।
তবে প্রজ্ঞাপন জারির আগে এই প্রক্রিয়ার সঙ্গে শ্রমিকদের প্রতিনিধিও উপস্থিত ছিলেন বলে জানান শ্রমসচিব মিকাইল শিপার। প্রথম আলোকে তিনি বলেন, নিম্নতম মজুরি বোর্ড প্রথম যে খসড়া করে, তাতে মতামত দেওয়ার সুযোগ রাখা হয়। প্রজ্ঞাপনটি কি খসড়া না চূড়ান্ত, তা তিনি বলতে পারছেন না।
প্রজ্ঞাপনে বিড়ি কারখানায় কাজের ধরন অনুযায়ী আট শ্রেণির শ্রমিক চিহ্নিত করা হয়েছে। তাঁরা হলেন বিড়ি তৈরির শ্রমিক, ঠোঙা তৈরির শ্রমিক, তামাক ভাঙাই শ্রমিক (হাতে), তামাক ভাঙাই শ্রমিক (মেশিনে), তামাক চিরাই শ্রমিক (হাতে), ডাটা চালানি শ্রমিক (হাতে), মিক্সচার শ্রমিক (বিড়ির জন্য) এবং চালানি প্যাকিং শ্রমিক।
লেবেল প্যাকিংসহ সাধারণ বিড়ি (ফিল্টার ছাড়া) তৈরির জন্য মজুরি হবে প্রতি হাজারে ৩১ টাকা ৫০ পয়সা। আর লেবেল প্যাকিংসহ ফিল্টারযুক্ত বিড়ি তৈরির জন্য মজুরি হবে প্রতি হাজারে ৬৩ টাকা।
আর কর্মচারীরা মজুরি পাবেন তিনটি ধাপে (গ্রেড)। প্রথম ধাপে মাসিক সর্বমোট মজুরি পাবেন স্টোর কিলার ও হিসাব সহকারীরা ৬ হাজার ৬২০ টাকা। অর্থাৎ তাঁরা মজুরি পাবেন এভাবে—মূল মজুরি ৪ হাজার ১৬০ টাকা, মূল মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া, অর্থাৎ ২ হাজার ৮০ টাকা এবং চিকিৎসা ভাতা ৩৮০ টাকা।
দ্বিতীয় ধাপে মাসিক সর্বমোট ৫ হাজার ৩৩০ টাকা মজুরি পাবেন আট ধরনের কর্মচারী। তাঁরা হলেন স্টোর সহকারী, ক্যাশিয়ার, সেলসম্যান, চেকার, টাইপিস্ট, টেলিফোন অপারেটর, সিট লেখক, কাগজ বিতরণকারী ও ড্রাইভার। হার হবে মূল মজুরি ৩ হাজার ৩০০ টাকা, বাড়িভাড়া ১ হাজার ৬৫০ টাকা এবং চিকিৎসা ভাতা ৩৮০ টাকা।
তৃতীয় ধাপে ৪ হাজার ৩৫৫ টাকা মাসিক মোট মজুরি পাবেন পিয়ন, দারোয়ান, মালি, সুইপার, তামাক মাপক, পেপার কাটার ও প্রচারক। তাঁদের মজুরির হারটা এ রকম—মূল মজুরি ২ হাজার ৬৫০ টাকা, বাড়িভাড়া ১ হাজার ৩২৫ টাকা এবং চিকিৎসা ভাতা ৩৮০ টাকা। এ ছাড়া শিক্ষানবিশ কর্মচারীরা মাসিক ৩ হাজার ২০০ টাকা মজুরি পাবেন।
প্রজ্ঞাপন মতে, মজুরির যে হার ঘোষণা করা হয়েছে, তা হলো নিম্নতম মজুরি। কোনো কারখানার মালিক এই হারের চেয়ে শ্রমিক-কর্মচারীদের কম মজুরি দিতে পারবেন না। কোনো মালিক যদি এরই মধ্যে বেশি মজুরি দিয়ে থাকেন, তা কমানো যাবে না।
তবে মালিকপক্ষ ইচ্ছা করলে একক বা যৌথ চুক্তি অনুযায়ী কোনো শ্রমিকদের বেশি মজুরি দিতে পারবে।
বিড়ি কারখানার শ্রমিক-কর্মচারীরা যদি মালিকের পরিবর্তে তৃতীয় কোনো পক্ষ বা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন, তাঁদের ক্ষেত্রেও মজুরির এই হার প্রযোজ্য হবে। তবে ঠিকাদারের কাছ থেকে পাওনা আদায়ে কোনো সমস্যা দেখা দিলে দায়-দায়িত্ব কারখানার মালিকের ওপর বর্তাবে।
বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির মতে, দেশের ৭৫টি বিড়ি কারখানায় ১৫ লাখ ৫ হাজার ৩৯৫ জন শ্রমিক-কর্মচারী রয়েছেন। আর প্রজ্ঞার হিসাবে কারখানা আছে ১৯৫টি এবং শ্রমিক ৭৫ হাজার।