বিয়াকের মধ্যস্থতায় বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি

বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) পৃষ্ঠপোষকতায় সম্প্রতি একটি আন্তর্জাতিক বাণিজ্যিক বিরোধ মেডিয়েশন বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
বিরোধটি ছিল বাংলাদেশ ও জাপানি বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগে স্থাপিত একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে। তবে উভয় পক্ষ বিয়াকের মেডিয়েশন রুলসের আওতায় তাদের বিরোধ নিষ্পত্তি করতে রাজি হয়। তাদের ব্যবসায়িক চুক্তির একটি দফায় মধ্যস্থতা
ও সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কথা উল্লেখ ছিল। সে অনুযায়ী বিরোধ নিষ্পত্তির জন্য বিয়াকের প্যানেল অব মেডিয়েটর
আবদুল মুয়ীদ চৌধুরীকে মনোনীত করা হয়।
১৪ ঘণ্টার যৌথ ও আলাদা আলোচনার মাধ্যমে মুয়ীদ চৌধুরী উভয় পক্ষকে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে সাহায্য করেন। তাঁর মধ্যস্থতায় উভয় পক্ষ বিরোধ নিষ্পত্তি চুক্তিতে সই করে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারাসহ বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এ (রুমী) আলী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।