বীমা একাডেমী নিয়ে ৪১ বছর পর সরকারের বোধোদয়!
বিমা খাতে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে যে একটি শক্তিশালী প্রশিক্ষণ ইনস্টিটিউট বা একাডেমি গড়ে তোলা দরকার, তা বুঝতে সরকারের সময় লাগল ৪১ বছর। সরকার এ-ও বুঝল যে বিদ্যমান বাংলাদেশ বীমা একাডেমীর মাধ্যমে এই খাতের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য গঠন করতে হবে নতুন একাডেমি। সরকার তাই বীমা একাডেমী বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছে। বদলে গঠন করবে আরেকটি একাডেমি, যার নাম হবে বাংলাদেশ বিমা ও ঝুঁকি ব্যবস্থাপনা একাডেমি।
তবে এই উদ্যোগের মধ্যেও গলদ রয়েছে। বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বলছে, সরকার যেভাবে চিন্তা করছে, তাতে নামের পরিবর্তন ছাড়া মৌলিক কোনো পরিবর্তন হবে না। বরং কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নিয়ন্ত্রণের ফলে জটিলতার সৃষ্টি হবে। পরিবর্তনই যেহেতু করা হচ্ছে, তাই দরকার হলো বীমা একাডেমীকে একটি স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
যোগাযোগ করলে আইডিআরএ চেয়ারম্যান এম. শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় দিকনির্দেশনা, দক্ষ ব্যবস্থাপনা ও উন্নত প্রশিক্ষণের জন্য অর্থের অভাবে বীমা একাডেমীর কর্মকাণ্ড দিন দিন সংকুচিত হয়। আমরা মনে করি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) আদলে রূপান্তর করলেই প্রস্তাবিত একাডেমি গঠনের উদ্দেশ্য পূরণ হবে, অন্য কোনোভাবে নয়।’
বর্তমানের একাডেমিও অবশ্য একটি স্বায়ত্তশাসিত সংস্থা-ই। তবে তা অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সরাসরি নিয়ন্ত্রণাধীন হওয়ায় স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম. আসলাম আলম প্রথম আলোকে বলেন, ‘দুটি সরকারি সংস্থাসহ ৭৭টি বিমা কোম্পানি রয়েছে দেশে। তা সত্ত্বেও এই খাতে দক্ষ জনশক্তি গড়ে ওঠেনি। আমরা চাই শক্তিশালী ও মানসম্পন্ন একটি একাডেমি প্রতিষ্ঠা করা।’
ব্যাংক খাতে দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য বিআইবিএম গড়ে তোলা হয়েছিল ১৯৭৪ সালে। আর বীমা একাডেমী করা হয়েছিল তারও এক বছর আগে অর্থাৎ ১৯৭৩ সালে। সুষ্ঠুভাবে পরিচালনা, প্রশিক্ষণ দেওয়া ও ব্যাংক খাতে অবদান রাখার জন্য বিআইবিএম বেশ কয়েকটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। আর আশানুরূপ অবদান রাখতে না পারার কারণেই বীমা একাডেমীকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআইবিএমের আদলে নতুন একাডেমি করা হচ্ছে কি না, জানতে চাইলে আসলাম আলম জানান, ‘একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সবার মতামতের অপেক্ষা করছি।’
এই একাডেমি করতে গেলে যে নতুন আইন প্রণয়ন করতে হবে, তার একটি খসড়া ইতিমধ্যে তৈরি করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ছাড়া খসড়ার ওপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মতামতও পাঠিয়ে দিয়েছে। গত ২০ জুলাইয়ের মধ্যে মতামত পাঠাতে বলা হলেও ১২ আগস্ট এক চিঠিতে বিআইএ মতামত দেওয়ার জন্য এক মাসের সময় চেয়েছে বলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম জানান, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বর্তমানে বিমা খাতের অবদান ১ শতাংশেরও কম। দক্ষ বিমা খাত তৈরি হলে অনায়াসেই এ অবদান তিন গুণ হবে। এ জন্য বিআইবিএমের মতো বিমা খাতের একটি ইনস্টিটিউট গড়ে তোলা অপরিহার্য বলে মনে করেন তিনি।
বর্তমানে বীমা একাডেমী ১০ সদস্যের পরিচালনা পর্ষদের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব পদাধিকারবলে পর্ষদের চেয়ারম্যান। একাডেমির প্রধান নির্বাহী একজন পরিচালক, যুগ্ম সচিব পদমর্যাদার যে কর্মকর্তাকে সরকার নিয়োগ দেয়। পর্ষদের অন্য সদস্যরা হচ্ছেন আইডিআরএ চেয়ারম্যান, সাধারণ বীমা করপোরেশনের (সাবীক) ব্যবস্থাপনা পরিচালক (এমডি), জীবন বীমা করপোরেশনের (জেবিসি) এমডি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, বিমা বিষয়ে অভিজ্ঞ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক এবং বিআইএর তিনজন প্রতিনিধি।
নতুন কাঠামোতে ১৩ সদস্যের পর্ষদের প্রস্তাব করা হয়েছে, যার চেয়ারম্যান হবেন পদাধিকারবলে আইডিআরএর চেয়ারম্যান। একাডেমির প্রধান নির্বাহী হবেন মহাপরিচালক। অন্যরা হবেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, সাবীক, জেবিসি, বিআইএ, সরকারি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ, বেসরকারি জীবন বিমা কোম্পানি এবং বেসরকারি সাধারণ বিমা কোম্পানি থেকে একজন করে প্রতিনিধি। এ ছাড়া আইডিআরএর একজন সদস্য এবং সরকার মনোনীত বিমা বিষয়ে অভিজ্ঞ দুজন ব্যক্তি। একাডেমির শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য একটি একাডেমিক কাউন্সিল গঠন করা হবে।
তবে বিআইবিএমের মতো না হলে নতুন একাডেমির সঙ্গে আইডিআরএকে সম্পৃক্ত না রাখতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অনুরোধ জানান আইডিআরএ চেয়ারম্যান। মন্ত্রণালয়ের দেওয়া নামের পরিবর্তে একাডেমির নাম ‘বাংলাদেশ বিমা ব্যবস্থাপনা ইনস্টিটিউট’ রাখারও পরামর্শ দেন তিনি।
বীমা একাডেমীসহ অন্যান্য বিমা সংস্থাগুলো নামের বানান হুবহু রাখা হলো।