বীরাঙ্গনাদের পুনর্বাসনে বাংলাদেশ ব্যাংকের সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক বীরাঙ্গনাদের পুনর্বাসন, দারিদ্র্য দূরীকরণ, আর্থসামাজিক ও মানবসম্পদের উন্নয়ন এবং ভোক্তা অধিকার রক্ষাসহ বিভিন্ন করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে অর্থায়ন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে এমআরডিআইসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সমঝোতা স্মারক সই করে। একই সঙ্গে চেকও হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম ও এস কে সুর চৌধুরী, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং আর্থিক সহায়তাপ্রাপ্ত উন্নয়ন সংস্থাসমূহের নির্বাহীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতি ও মুদ্রানীতিবিষয়ক দায়িত্ব ছাড়াও প্রান্তিক জনগণকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে আসা এবং তাঁদের জীবনমান উন্নয়নে সহায়তা দিয়ে আসছে। এ বছর বাংলাদেশ ব্যাংক ২৬টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ৫ কোটি ১৩ লাখ টাকা সহায়তা প্রদান করেছে।
অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, এই সহায়তা উন্নয়ন সংস্থাগুলোর জন্য খুব বেশি নয়। কিন্তু আশা করা যায়, ব্যাংক ও অন্য করপোরেট প্রতিষ্ঠানগুলো এতে উদ্বুদ্ধ হবে এবং তাদের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে টেকসই উন্নয়ন কার্যক্রমে সহায়তা প্রদানে এগিয়ে আসবে। বিজ্ঞপ্তি।