বুক বিল্ডিং পদ্ধতি: বাজার-সংশ্লিষ্টদের মত নিল এসইসি
বুক বিল্ডিং পদ্ধতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে প্রস্তাবিত নীতিমালা নিয়ে আলোচনার মাধ্যমে প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের পরবর্তী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বৈঠকের একাধিক সূত্র নিশ্চিত করেছে।বৈঠক শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, স্টেক হোল্ডারদের নিয়ে আজ বৈঠক হয়েছে। বৈঠকে প্রস্তাবিত নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষ নিজেদের মতামত তুলে ধরেছে।বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, বৈঠকে যেসব বিষয় চূড়ান্ত করা হয়েছে তা হলো—নতুন কোম্পানি আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির নির্দেশক মূল্য প্রকাশ ছাড়াই প্রসপেক্টাস রোড শোর পাঁচ দিন আগে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএ), বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ), ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএবি) ও অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির (এএএমসি) কাছে পাঠাতে হবে। এ ছাড়া রোড শোতে ডিএসই ও সিএসই পর্যবেক্ষক হিসেবে থাকবে; ইস্যুয়ার কোম্পানি বা সহায়ক কোম্পানি বা তাদের কোনো পরিচালক বা উদ্যোক্তা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্টান্ডার্ড অনুসারে রিলেটেড পার্টি হিসেবে বুক বিল্ডিং বিডিং অথবা রোড শোতে অংশ নিতে পারবে না; বুক বিল্ডিং প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে বিডিং-প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আরও সিদ্ধান্ত হয়, বুক বিল্ডিংয়ের পর কোম্পানি ও ইস্যুয়ারকে দুই দিনের মধ্যে কাগজপত্র এসইসিতে জমা দিতে হবে; বিডিং শেষ ও সাবস্ক্রিপশন শুরুর সময় ২৫ দিনের বদলে ১৫ দিন করা হচ্ছে; সম্পদ ব্যবস্থাপক এলিজিবল (যোগ্য) প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে যোগ করা হচ্ছে; প্রাতিষ্ঠানিক এলিজিবল (যোগ্য) বিনিয়োগকারীরা যে নির্দেশক মূল্য নির্ধারণ করবে, ওই দামে যে সংখ্যক শেয়ার কিনতে ইচ্ছুক, তা বিডিংয়ের সময় উল্লেখ করতে হবে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিড করার সময় ৫ শতাংশের বেশি কোট করতে পারবে না, এ ক্ষেত্রে ৫ শতাংশ গ্যারান্টি দিতে হবে; কোম্পানি আসার ক্ষেত্রে ৩০ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকায় ৪০ শতাংশ, ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকায় ৫০ শতাংশ ও ১০০ কোটি টাকার ওপরে ৬০ শতাংশ কোটা থাকবে; লকইন সময়সীমা ১৫ দিনের স্থলে ছয় মাস করা হবে; ইস্যুয়ার ও ইস্যু ব্যবস্থাপককে কোম্পানির নির্দেশক মূল্যে প্রকাশ করার ক্ষেত্রে কমপক্ষে ২০টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কোটেশন থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে মার্চেন্ট ব্যাংকের পাঁচটি, বাণিজ্যিক ব্যাংকের পাঁচটি, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির পাঁচটি ও অন্য কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পাঁচটি কোটেশন থাকতে হবে। তবে এ ক্ষেত্রে কোনো গড় করা যাবে না। এই ২০ জনকে মোট ইস্যুকৃত আকারের ১০ শতাংশ কিনতে হবে; নির্দেশক মূল্য ইপিএসের ১৫ গুণ এবং এনএভির তিন গুণের বেশি না হওয়ার প্রস্তাব বাতিল করা; ইপিএস প্রকাশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ও বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসরণ করতে বলা হয়েছে। ইপিএস শুধু ডাইলুটেড ভিত্তিতে প্রকাশ করতে হবে, এ ছাড়া ভবিষ্যত্ প্রকল্পের নিট আয় ইপিএসে যোগ করা যাবে না, নন রিকারিং ইনকামকে আলাদাভাবে দেখাতে হবে; ত্রৈমাসিক ও অর্ধবার্ষিক হিসাবকে বার্ষিকী করা যাবে না; শেষ দুই বছরে ইস্যুয়ার প্রতিষ্ঠানের সম্পদ পুনর্মূল্যায়ন করা হলে সম্পদ পুনর্মূল্যায়নের আগের ও পরের দুই ধরনের আর্থিক প্রতিবেদন জমা দিতে হবে; এসইসি আর্থিক প্রতিবেদন যাচাই করতে নিজেই পুনঃনিরীক্ষা করতে পারে অথবা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ডিএসই, সিএসই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অথবা হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের চেয়ারম্যান ও এসইসির ক্যাপিটাল ইস্যু বিভাগের প্রধানকে নিয়ে গঠিত কমিটি পুনঃনিরীক্ষা করতে পারবে। এ ক্ষেত্রে প্রতিবেদন পাওয়ার পর ১০ দিনের মধ্যে দিতে হবে।সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন বলেন, ‘আমরা আজ এসইসির সঙ্গে বুক বিল্ডিং পদ্ধতির খসড়া নীতিমালা নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন পক্ষ তাদের মতামত তুলে ধরেছে। এসইসি শিগগিরই চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করবে।’সাজিদ হোসেন আরও বলেন, সিএসইর পক্ষ থেকে কোনো নিরীক্ষক কোম্পানি নিরীক্ষা করার সময় ওই নিরীক্ষিত কোম্পানির শেয়ারের দাম, কাজের অগ্রগতি ও অগ্রগতির সঠিকতা ও আমানতের ওপর সংশ্লিষ্ট কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং ব্যবস্থাপনা পরিচালকের প্রত্যয়ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এসইসি সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই এসইসির নির্বাহী পরিচালক হাসান মাহমুদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে খসড়া নীতিমালা স্টেক হোল্ডারদের কাছে পাঠানো হয়। ৪ আগস্টের মধ্যে তাঁদের মতামত এসইসিতে জমা দিতে বলা হয়। ওই মতামতের বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়।