বুকবিল্ডিং পদ্ধতি চূড়ান্ত করেছে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শেয়ারের মূল্য নির্ধারণে বুকবিল্ডিং পদ্ধতির সংশোধিত নীতিমালা চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। দীর্ঘ প্রতীক্ষার পর আজ বুধবার কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত নেয় কমিশন। সভা শেষে এসইসির মুখপাত্র নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।সাইফুর রহমান বলেন, চূড়ান্ত নীতিমালার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় শেয়ারের নির্দেশক মূল্য ১৫পিই ও এনএভির তিনগুণের বেশি হতে পারবে না। প্লেসমেন্ট শেয়ারের ক্ষেত্রে লকইন সময়সীমা ছয় মাসের স্থলে চার মাস নির্ধারণ। কোম্পানির নির্দেশক মূল্য নির্ধারণের সময় মার্চেন্ট ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, সম্পদ ব্যবস্থাপকসহ অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি ও স্টক ডিলারদের অংশ নিতে হবে। এ ক্ষেত্রে অন্তত ২০টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে নির্দেশক মূল্য সমর্থন করতে হবে। তবে এর মধ্যে ওপরের প্রত্যেক ক্যাটাগরি থেকে অন্তত তিনটি প্রতিষ্ঠান থাকতে হবে।সাইফুর রহমান আরও বলেন, কোম্পানির প্রসপেক্টাস পরীক্ষা-নিরীক্ষার জন্য স্টেকহোল্ডারদের পক্ষ থেকে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছিল। এসইসি কমিটি গঠনের প্রস্তাবটি বাতিল করেছে। তবে বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে আসার সময় কোনো কোম্পানির আর্থিক প্রতিবেদনের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অথবা কোনোকিছু অস্বাভাবিক মনে হলে এসইসি নিরীক্ষকমণ্ডলী (প্যানেল অব অডিটর) দিয়ে তা পুনর্নিরীক্ষা করবে।সাইফুর রহমান জানান, এই নীতিমালাগুলো জনমত জরিপের জন্য শিগগিরই পত্রিকায় প্রকাশ করা হবে। জনগণের মতামত পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।জানা যায়, দেশে বুকবিল্ডিং পদ্ধতি চালু করার পর কিছু অসাধু উদ্যোক্তার অপব্যবহারে পদ্ধতিটি শুরুতেই সমালোচনার মুখে পড়ে। এ কারণে গত ২০ জানুয়ারি সরকার বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত করে তা সংশোধনের জন্য এসইসিকে নির্দেশ দেয়। প্রস্তাবিত খসড়ায় ২০টির মতো সংশোধনী আনা হয়।