বুকবিল্ডিং পদ্ধতির খসড়া চূড়ান্ত, মতামত আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শেয়ারের মূল্য নির্ধারণে বিতর্কিত বুকবিল্ডিং পদ্ধতি সংশোধনের জন্য খসড়া প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) তা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামতের জন্য পাঠিয়েছে।আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে এসইসিতে তাদের মতামত জানাতে হবে। এর পরই পদ্ধতিটির সংশোধনী প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন করবে এসইসি।বিশ্বব্যাপী প্রাথমিক শেয়ারের বাজারভিত্তিক মূল্য নির্ধারণের জন্য বুকবিল্ডিং পদ্ধতিকে সর্বাধুনিক উপায় হিসেবে বেছে নেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে কিছু অসাধু উদ্যোক্তার অপব্যবহারে পদ্ধতিটি শুরুতেই সমালোচনার মুখে পড়ে।এ কারণে গত ২০ জানুয়ারি সরকার বুকবিল্ডিং পদ্ধতি স্থগিত করে তা সংশোধনের জন্য এসইসিকে নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় সংস্থাটির তত্কালীন নেতৃত্ব পদ্ধতিটি সংস্কারের বেশ কিছু খসড়া প্রস্তাব তৈরি করে। পরে পুনর্গঠিত এসইসি আবার নতুন করে প্রস্তাবনা তৈরি করেছে।জানা গেছে, বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্ধারণের প্রস্তাবিত নিয়মে ২০টির মতো সংশোধনী সুপারিশ করা হয়েছে।এতে বলা হয়েছে, এখন থেকে এ পদ্ধতিতে বাজারে আসতে ইচ্ছুক কোম্পানির শেয়ারের নির্দেশকমূল্য নির্ধারণের জন্য শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে পিই ১৫ অথবা এনএভির তিন গুণ—এই দুয়ের মধ্যে যেটি কম, নির্দেশকমূল্য তার বেশি হতে পারবে না।আবার এর পরিমাণ শেয়ারপ্রতি এনএভির কমও প্রস্তাব করা যাবে না। এ ক্ষেত্রে পিই গণনা করতে হবে কোম্পানির পূর্ববর্তী তিন বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে উল্লিখিত শেয়ারপ্রতি আয় বা ইপিএসের ভারিত্ব গড়ের ভিত্তিতে।যেমন: ১০ টাকা অভিহিত মূল্যের (ফেস ভেলু) কোনো কোম্পানির ইপিএসের তিন বছরের ভারিত্ব গড় পাঁচ টাকা হলে বেঁধে দেওয়া পিই অনুযায়ী সর্বোচ্চ নির্দেশক দাম হতে পারবে ৭৫ টাকা। আর এনএনভি ২০ টাকা হলে নির্দেশক দাম ৬০ টাকা হতে পারবে।এ ক্ষেত্রে প্রস্তাবিত দাম ৬০ টাকার মধ্যেই থাকতে হবে। কেননা, পিই অনুযায়ী নির্দেশক দাম এনএভি অনুযায়ী নির্দেশক দামের চেয়ে কম। একই সঙ্গে তা ২০ টাকার নিচেও নামতে পারবে না। কেননা, এখানে এনএভি হলো ২০ টাকা। বর্তমান নিয়মে নির্দেশকমূল্যের জন্য কোনো ধরনের সীমারেখা টানা নেই।এসইসি মনে করে, এটা শেয়ারের সম্ভাব্য সর্বোচ্চ মূল্যায়নকে সীমার মধ্যে নিয়ে আসবে। যদিও ধারণাগতভাবে বুকবিল্ডিং পদ্ধতিতে এ ধরনের কোনো সীমা বেঁধে দেওয়া উচিত নয়। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ প্রস্তাবকে বিবেচনা করা যেতে পারে।বাজার-সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা-জোগানের ভিত্তিতে শেয়ারের বাজারভিত্তিক মূল্য নির্ধারণের উপায় হিসেবেই বুকবিল্ডিং পদ্ধতি চালু করা হয়েছিল। কিন্তু এসইসির নতুন প্রস্তাবটি সেই ধারণার পরিপন্থী। এটিকে বুকবিল্ডিংয়ের নামে স্থির মূল্য পদ্ধতিরই আরেক রূপ।সংশোধনীর খসড়ায় আইপিওতে আসতে আগ্রহী কোম্পানিগুলোর এসইসির কাছে জমা দেওয়া নিরীক্ষিত আর্থিক বিবরণী পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। কোনো কোম্পানির আর্থিক বিবরণী সম্পর্কে কমিটির কোনো মতামত বা পর্যবেক্ষণ থাকলে ১০ দিনের মধ্যে দিতে হবে।তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোন আইনের বলে এ কমিটি তাঁদের মতামত নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে বাধ্য থাকবে, তা স্পষ্ট নয়।সংশোধনী প্রস্তাবে দরপত্রে অংশগ্রহণকারী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিপরীতে বরাদ্দকৃত শেয়ার লেনদেন শুরুর ছয় মাস পর্যন্ত বিক্রি বা হস্তান্তর নিষিদ্ধ (লকইন) করা হয়েছে।এ ছাড়া চূড়ান্ত দরপত্রের পর আইপিওর চাঁদা গ্রহণ (সাবস্ক্রিপশন) ২৫ দিনের পরিবর্তে ১৫ দিনের মধ্যে শুরু করা, দরপত্রের সময় ৭২ ঘণ্টা থেকে কমিয়ে ৪৮ ঘণ্টা করা এবং দরপত্র গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোম্পানি ও ইস্যু ব্যবস্থাপককে আইপিওর জন্য শেয়ারের প্রস্তাবিত মূল্যসহ (কাট অফ প্রাইস) চূড়ান্ত খসড়া প্রসপেক্টাস এসইসিতে জমা দিতে বলা হয়েছে।এর আগে মুদ্রিত প্রাথমিক খসড়া প্রসপেক্টাস মনোনীত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সমিতির কাছে রোড শো আয়োজনের অন্তত পাঁচ দিন আগে প্রেরণ করতে হবে। এতে শেয়ারের নির্দেশকমূল্য উল্লেখ করা যাবে না।খসড়া প্রস্তাবনায় বলা হয়েছে, নির্দেশকমূল্য নির্ধারণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কোম্পানি, কোম্পানিটির কোনো সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান, অথবা পরিচালকদের স্বার্থ-সংশ্লিষ্টতা রয়েছে এমন কোনো প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না। ডিএসই ও সিএসইর প্রতিনিধিরা রোড শোতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকলেও তাঁদের পর্যবেক্ষণ মূল্যায়ন করা হবে কি না, সেটি পরিষ্কার নয়।প্রস্তাবনায় আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান নির্দেশকমূল্য প্রস্তাব করবে, তাদের ওই কোম্পানির ন্যূনতম ১০ শতাংশ শেয়ার কেনার অঙ্গীকার করতে হবে। আবার একই প্রস্তাবনার অন্য একটি অংশে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান পাঁচ শতাংশের বেশি শেয়ার কিনতে পারবে না। যে পরিমাণ শেয়ার কেনা যাবে না, তা কেনার জন্য অঙ্গীকারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।খসড়া অনুসারে, কোম্পানি ৩০ থেকে ৫০ কোটি টাকার শেয়ার ছাড়লে ৪০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখতে হবে। ৫০ থেকে ১০০ কোটি এবং ১০০ কোটির ওপরে শেয়ার ছাড়লে এর পরিমাণ হবে যথাক্রমে ৫০ শতাংশ ও ৬০ শতাংশ। এতে সাধারণ বিনিয়োগকারীদের অংশ কমে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।