বুকবিল্ডিং পদ্ধতির খসড়া নীতিমালা চূড়ান্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহের মধ্যে বুকবিল্ডিং পদ্ধতির খসড়া নীতিমালা চূড়ান্ত হবে। এরপর খসড়া নীতিমালা পুনর্বিবেচনার জন্য স্টেকহোল্ডারদের কাছে পাঠানো হবে। আজ সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান এ কথা জানান।বৈঠকে এসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (এমবিএ), অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ ব্যাংক, সিপিডি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) বিভিন্ন প্রতিষ্ঠানের ১৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।সালমান এফ রহমান বলেন, শেয়ারের চাহিদা ও সরবরাহের মধ্যে যাতে সমন্বয়হীনতা সৃষ্টি না হয়, সে ব্যাপারে এসইসিসহ সংশ্লিষ্ট সব মহল সচেতন রয়েছে। এ লক্ষ্যে দ্রুত বুকবিল্ডিং পদ্ধতির সংস্কার ও সরকারি শেয়ার বাজারে ছাড়ার ব্যাপারে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, সভায় বুকবিল্ডিং পদ্ধতি ছাড়াও মার্চেন্ট ব্যাংক নীতিমালা, মার্চেন্ট ব্যাংক নিয়ন্ত্রণ নীতিমালা, অমনিবাস অ্যাকাউন্ট, সরকারি শেয়ার বাজারে ছাড়া, বাজারের বর্তমান পরিস্থিতি, বাজার মনিটরিং ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সালমান বলেন, এনবিআর থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে খুব বেশি কালো টাকা এসেছে, এমনটি নয়। যেসব বিনিয়োগকারী এর আগে লাভ করেছিলেন তাঁরাই আবার বাজারে বিনিয়োগ করছেন। ফলে ইদানীং বাজারে লেনদেন বেড়েছে। মনিটরিং পলিসি প্রসঙ্গে তিনি বলেন, বাজার মনিটরিংয়ের জন্য বাংলাদেশ ব্যাংক ও এসইসির যৌথ সমন্বয় প্রয়োজন। এসইসি এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নিয়েছে।বাজারের সূচক পুনর্বিন্যাস সম্পর্কে সালমান এফ রহমান বলেন, বাজার মূল্যায়নে তিনটি সূচক (ডিএসই সাধারণ, ডিএসআই ও ডিএসই ২০) প্রয়োজন কি না, তা বিবেচনা করা প্রয়োজন।