বুটিক মালিকেরা রাস্তায় নামছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান টানা অবরোধ-হরতালে সারা দেশের ফ্যাশন হাউসগুলোর (দেশজ বুটিকের পোশাক) প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় ছয় কোটি টাকা। এ তথ্য ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতির (এফইএবি বা ফ্যাশন উদ্যোগ)।

ফ্যাশন হাউসের উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় স্বাভাবিক সময়ের চেয়ে পোশাকের বিক্রি কয়েক ভাগ কমে যাওয়ায় এ ক্ষতি হচ্ছে।

এ অবস্থায় চলমান রাজনৈতিক অস্থিরতা বন্ধের দাবিতে ঢাকার বেইলি রোডে আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রতিবাদী মানববন্ধন করবেন বুটিক হাউসের মালিকেরা। এ জন্য তাঁরা ৫০০ ফুট দীর্ঘ ব্যানারও তৈরি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফ্যাশন উদ্যোগের সভাপতি আজহারুল হক বলেন, ‘ছয় কোটি টাকার ক্ষতিটা আসলে ব্যবসা না হওয়ার ক্ষতি। এটা একটা চেইনের মতো। আমাদের বিক্রি না হওয়ায় তাঁতিরা নতুন কাজ পাচ্ছেন না। ব্লক ও সুইংয়ের কাজও আটকে আছে। এসব ধরলে কয়েক কোটি টাকার ক্ষতি হবে তাঁদেরও। ’

সাদাকালো ব্র্যান্ডের এই স্বত্বাধিকারী আরও বলেন, রাজনৈতিক অস্থিরতায় শোরুমে এখন যেসব পোশাক আছে, তা বিক্রি হচ্ছে না। আবার সামনে বৈশাখ আসছে, সেই পোশাকের কাজও আটকে আছে। ঈদের পোশাকের নকশাসহ (ডিজাইন) বিভিন্ন কাজ এই সময়ে শুরু হয়। সেগুলো আটকে যাচ্ছে।

চলমান রাজনৈতিক অস্থিরতায় ফ্যাশন হাউসগুলোর লোকসানের হিসাবটি দিয়েছেন ফ্যাশন উদ্যোগের অর্থ পরিচালক সৌমিক দাস। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সারা দেশের ফ্যাশন হাউসগুলোতে বার্ষিক লেনদেনের পরিমাণ আনুমানিক ছয় হাজার কোটি টাকা। সারা বছরের ব্যবসার অর্ধেকই হয় রোজার ঈদে। ২৫ শতাংশ হয় পয়লা বৈশাখকে কেন্দ্র করে। বাকি ২৫ শতাংশ, অর্থাৎ দেড় হাজার কোটি টাকার ব্যবসা হয় সারা বছর ধরে।

ফ্যাশন হাউস রঙ-এর অন্যতম কর্ণধার এই সৌমিক দাস। তিনি প্রথম আলোকে বলেন, ‘বাকি সারা বছরে ২০০ দিন ধরলে প্রতিদিনের বিক্রির পরিমাণ দাঁড়ায় সাড়ে সাত কোটি টাকা। আর এখন স্বাভাবিক সময়ের ২০ শতাংশও বিক্রি হচ্ছে না। ফলে পণ্য বিক্রি না হওয়ায় ফ্যাশন হাউসগুলোর প্রতিদিন লোকসান হচ্ছে অন্তত ছয় কোটি টাকা।’

ফ্যাশন উদ্যোগের তথ্য অনুযায়ী, দেশে এখন আনুমানিক সাড়ে চার হাজার ফ্যাশন হাউস আছে। এর ৬০ শতাংশই গড়ে উঠেছে ঢাকা ও চট্টগ্রামে। দেশীয় এসব ফ্যাশন হাউসে পুরুষের শার্ট, টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি এবং মহিলাদের থ্রি-পিস, ফতুয়া, শাড়িসহ নানা ধরনের পোশাক ও সামগ্রী বিক্রি হয়। এসব পোশাক পাওয়া যায় সর্বনিম্ন ৪০০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। তবে এক্সক্লুসিভ কিছু পোশাকের দাম পড়ে ২০ থেকে ২৫ হাজার টাকা।

ফ্যাশন হাউসগুলোর প্রায় সবারই শোরুম আছে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা যায়, বেশির ভাগ শোরুমেই ক্রেতা নেই। সে কারণে সন্ধ্যা সাড়ে সাতটার আগেই বেশির ভাগ শোরুম বন্ধ হয়ে যায়।

বড় লোকসানে তাঁতিরাও: বুটিক হাউসগুলোর পোশাক তৈরিতে কুমিল্লার খাদি, নরসিংদীর থান, নারায়ণগঞ্জের আড়াইহাজার, টাঙ্গাইল, রাজশাহী এবং সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলে উৎপাদিত দেশীয় তাঁতের কাপড়ের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এ ছাড়া তাঁরা শািড়ও তৈরি করেন। এসবের মধ্য দিয়ে দেশের তাঁতশিল্পেও কিছুটা গতি এসেছে। তবে চলমান হরতাল-অবরোধে ক্ষতির মুখে পড়েছেন তাঁতিরাও।

আজ অনুষ্ঠেয় মানববন্ধনকে সামনে রেখে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানের তাঁতিদের ক্ষয়ক্ষতির একটি হিসাব সংগ্রহ করেছে ফ্যাশন উদ্যোগ। সংগঠনটির হিসাব অনুযায়ী, প্রতিদিনের হরতাল-অবরোধে তাঁতিদের দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষতি হচ্ছে। দুটো কারণে তাঁদের ক্ষতি হচ্ছে। প্রথমত, বুটিক হাউসগুলো থেকে তাঁদের অর্ডার কমে গেছে। দ্বিতীয়ত, স্থানীয়ভাবে তাঁদের তৈরি পোশাক ও কাপড়ের বিক্রি হচ্ছে না।

ফ্যাশন উদ্যোগের সভাপতি আজহারুল হক বলেন, ‘বৈশাখের পোশাকের জন্য এ সময়ে আমরা তাঁতিদের অর্ডার দিই। হয় আমরা যাই, নয়তো তাঁরা আসেন। কিন্তু এবার হরতাল-অবরোধে কেউই যোগাযোগ করতে পারছি না।’ মুঠোফোনে কি অর্ডার দেওয়া যাচ্ছে না? জানতে চাইলে তিনি বলেন, বৈশাখের পোশাকটা নানা নকশায় হয়। এতে নানা বিষয় ফুটিয়ে তুলতে হয়। সেই নকশা তো আর ফোনে বলা সম্ভব না।