বুটিকশিল্পে কাজ করে মাগুরায় বহু নারী স্বাবলম্বী হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। এর কিছুদিন পর দুর্গাপূজা। তাই এই দুটি প্রধান ধর্মীয় উৎসব সামনে রেখে মাগুরার বুটিক কারখানার শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছেন। দিন-রাত নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন তাঁরা। কাজের চাপে তাঁদের দম ফেলার সময় নেই। তবে বুটিক কারখানায় নারীর পাশাপাশি পুরুষেরা কাজ করলেও তাঁদের সংখ্যা খুবই কম। খোঁজ নিয়ে জানা গেছে, মাগুরার কমপক্ষে দুই সহস্রাধিক নারী বুটিকশিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করেন। এদের মধ্যে অনেকেই পরিকল্পিতভাবে বুটিক কারখানা গড়ে তুলেছেন। এসব কারখানায় বিশেষ করে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, থ্রি-পিস, নকশিকাঁথা, চাদর, নারী ও শিশুদের জিপসিসহ নানা বৈচিত্র্যময় পোশাকে সুন্দর কারুকার্যময় বুটিক, চুমকি, কাপড় ও সুতার কাজ, স্প্রিং ও স্টোন বসিয়ে সেগুলোকে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তোলা হয়।জানা গেছে, মাগুরায় তৈরি শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, থ্রি-পিসসহ বিভিন্ন পোশাক স্থানীয় বাজার ছাড়িয়ে ঢাকার অভিজাত বিপণিবিতানে বিক্রি করা হয়। বিভিন্ন বুটিক হাউসের মাধ্যমে এগুলো বিদেশেও রপ্তানি করা হয়। শহরের থানাপাড়ার বুটিকশিল্পী রুনা লায়লা প্রথম আলোকে বলেন, ‘শাড়ি, থ্রি-পিস বা অন্য পোশাকের পাশাপাশি আমরা নকশিকাঁথা, চাদর ও হাতের কাজের রুচিশীল শৈল্পিক ও নিখুঁত সব কাজ করে থাকি। নিজে ছোট্ট একটি বুটিক কারখানা গড়ে তুলেছি। এখানে আমরা নারী-পুরুষ মিলে মোট আটজন কাজ করি। এ কাজ করে সংসারে বাড়তি সচ্ছলতা এনেছি। এ ছাড়া আমার সঙ্গে কাজ করে অনেকের অভাব ঘুচেছে।’ শহরের সৈয়দ আতর আলী সড়কের বিউটি বস্ত্রালয়ের মালিক জয় সাহা জানান, আধুনিক তরুণ-তরুণী ও নারী-পুরুষের প্রথম পছন্দ বুটিকশিল্পীদের তৈরি করা কারুকার্যময় শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস ও ফতুয়া। নিখুঁত হাতের কাজের কারণে এগুলোর দাম একটু বেশি পড়ে।শহরের ইসলামপুর পাড়ার বুটিক কারখানার মালিক আছমা খাতুন জানান, ‘আমার বুটিক কারখানায় শতাধিক নারী কাজ করেন। কেউ কারখানায় এসে, কেউ আবার নিজের বাড়িতে সব কিছু নিয়ে কাজ করে থাকেন। আগে গৃহপরিচারিকার কাজ করতেন এমন নারীরাই এ কাজ করছেন। এদের হাতে-কলমে এ বিষয়ে শিক্ষাও দেওয়া হয়েছে। অনেক অসহায় নারী এ পেশায় এসে সচ্ছল সুন্দর জীবনযাপন করছেন।মাগুরা নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা জানান, এই সংস্থার অনেক কর্মীই এখন ব্যক্তিগত পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি ধরনের বুটিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং আর্থিকভাবে প্রতিষ্ঠা পেয়েছেন।