বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় এসএমই মেলা
আগামী বুধবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ‘জাতীয় এসএমই মেলা-২০১৭’। শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এ মেলার আয়োজন করছে।
মেলা উপলক্ষে আজ সোমবার দুপুরে রাজধানীর পান্থপথে এসএমই ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম মেলার বিভিন্ন তথ্য তুলে ধরেন।
মো. সফিকুল ইসলাম বলেন, মেলা আয়োজনের পাশাপাশি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ এসএমই উদ্যোক্তা ও এসএমই ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আয়োজকেরা জানান, এবারের মেলায় সারা দেশ থেকে ২০০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রতিষ্ঠানের ২১৬টি স্টল থাকবে। এসব স্টলে উদ্যোক্তা তাঁদের তৈরি করা দেশীয় পণ্য প্রদর্শন ও বাজারজাতের সুযোগ পাবেন। পাঁচ দিনব্যাপী এ মেলা শেষ হবে ১৯ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।