বুধবার দুই মাসের মজুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তোবা গ্রুপের পাঁচটি পোশাক কারখানার শ্রমিকদের অনশন গতকাল সপ্তম দিনে গড়ায়। রাজধানীর উত্তর বাড্ডায় কারখানার ভেতরে টানা অনশনে এ পর্যন্ত ৯৯ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন l ছবি: প্রথম আলো
বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তোবা গ্রুপের পাঁচটি পোশাক কারখানার শ্রমিকদের অনশন গতকাল সপ্তম দিনে গড়ায়। রাজধানীর উত্তর বাড্ডায় কারখানার ভেতরে টানা অনশনে এ পর্যন্ত ৯৯ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন l ছবি: প্রথম আলো

তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকেরা বিজিএমইএর মধ্যস্থতায় দুই মাসের মজুরি পাবেন ৬ আগস্ট বুধবার। আর কারখানা কর্তৃপক্ষ জুলাই মাসের মজুরি দেবে ১০ আগস্ট। একই সঙ্গে তারা এক মাসের ওভারটাইম ও ঈদ বোনাস অনতিবিলম্বে পরিশোধ করবে।
দিনভর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠকের পর পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়। তবে এ ঘোষণা প্রত্যাখ্যান করেছেন অনশনরত শ্রমিকেরা। তাঁরা বলছেন, একসঙ্গে তিন মাসের বেতন-ভাতা না দেওয়া পর্যন্ত অনশন চলবে।
অনশনের নেতৃত্বে থাকা গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু প্রথম আলোকে বলেন, ‘বিজিএমইএর প্রস্তাব আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’ তিনি বলেন, শ্রমিকদের তিন মাসের বাড়িভাড়া বাকি এবং দোকানে বাকি হাজার হাজার টাকা। অনেকেই ধারদেনা করে এত দিন চলেছেন। এখন দুই মাসের মজুরি দিয়ে শ্রমিকদের দুঃখ লাঘব হবে না।
এদিকে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি কাল বিজিএমইএ কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে। গতকাল বেলা তিনটায় উত্তর বাড্ডার হোসেন মার্কেটের সাততলায় অনশনস্থলে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে কমিটির নেতারা বলেছেন, অবিলম্বে দাবি না মানলে শান্তিপূর্ণ আন্দোলন সংহিসতায় রূপ নিতে পারে। আর সেটির দায়দায়িত্ব অবশ্যই সরকার ও বিজিএমইএকে নিতে হবে।
অনশনের সপ্তম দিনে গতকাল পর্যন্ত অসুস্থ হয়েছেন ৯৯ জন শ্রমিক। নতুন করে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সব মিলিয়ে হাসপাতালে আছেন ১৪ জন শ্রমিক।
বিজিএমইএর বৈঠক ও ঘোষণা: গতকাল দুপুরের দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বিজিএমইএ কার্যালয়ে আসেন। তাঁরা প্রথমে বিজিএমইএর কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন।
বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজমন্ত্রী বেলা দেড়টার দিকে চলে যান। তখন অপর দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের ১১ জন শ্রমিকনেতার সঙ্গে দুই ঘণ্টার মতো বৈঠক করেন। এই সমন্বয় পরিষদের আহ্বায়ক আবার নৌমন্ত্রী নিজেই। বৈঠকে আন্দোলনরত তোবার কোনো শ্রমিক কিংবা সংগ্রাম কমিটির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
বিকেল পাঁচটার দিকে সংবাদ সম্মেলনের শুরুতে নৌমন্ত্রী বক্তব্য দেন। তারপর বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান নিজেদের তত্ত্বাবধানে বুধবার সকাল ১০টায় বিজিএমইএ কার্যালয়ে তোবার শ্রমিকদের দুই মাসের মজুরি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের অনশন প্রত্যাহার করে মজুরি গ্রহণ করতে অনুরোধ করেন।
একই অনুরোধ করে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী আজকের (গতকাল) মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন।
আন্দোলনকারীদের বাদ দিয়ে বৈঠক ও ঘোষণা তোবার শ্রমিকেরা মেনে নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, ‘তাঁদের আহ্বান জানানো হয়েছিল। তাঁরা আসেননি। তিনি বলেন, কেউ যদি মজুরি না নিতে চায়, তবে সেটি তার ব্যাপার। আমরা জোর করব না।’
এ সময় শ্রমিকনেতা সিরাজুল ইসলাম বলেন, ‘আমি তোবার শ্রমিকদের আন্দোলনে একাত্মতা জানিয়েছি। একাধিকবার সেখানে গিয়েছি।’ একই কথা বলেন শ্রমিকনেতা আবুল হোসেন। এ ছাড়া নাহিদুল হাসান নামে এক শ্রমিকনেতা দাবি করেন, তাঁর সংগঠন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তোবার শ্রমিকদের পাওনা আদায়ের জন্য কাজ করছে। পরে জানতে চাইলে তিনি প্রথম আলোর কাছে স্বীকার করেন, অনশন শুরুর পর তাঁদের সংগঠনের কেউ আন্দোলনস্থলে যাননি।
মোশরেফা মিশু এ নিয়ে বলেন, ‘বৈঠকে যাওয়ার জন্য বিজিএমইএ বা সরকার কেউ-ই আমাদের কিছু জানায়নি। সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের কাছে এ বিষয়ে আমি জানতে পারি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ ও বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুন্সী, বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম ও রিয়াজ-বিন-মাহমুদ, সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।
জানা যায়, তোবার শ্রমিকদের দুই মাসের মজুরির টাকা দেওয়ার জন্য বিজিএমইএর পক্ষ থেকে বড় বড় গ্রুপ ও ব্যবসায়ীর কাছে ধার হিসেবে টাকা চাওয়া হচ্ছে। পরে এই টাকা দেলোয়ারের কাছ থেকে আদায় করে আবার ফেরত দেওয়ার পরিকল্পনা আছে সংগঠনের নেতাদের।
বিজিএমইএর এক নেতা গতকাল দুপুরে এই প্রতিবেদককে জানান, ওই সময় পর্যন্ত কয়েকজন সদস্যের কাছ থেকে ৫০-৫৫ লাখ টাকা পাওয়ার প্রতিশ্রুতি তাঁরা পেয়েছেন।
অনশন চলছে, অসুস্থ ৯৯: অনশনের পাশাপাশি গতকাল সারা দিনই সংহতি সমাবেশ ও প্রতিবাদী গান পরিবেশিত হয়। ‘শ্রমিকেরা সব না খেয়ে মরে, মালিক-সরকার ঈদ করে’; ‘শ্রমিকের পেটে ভাত নাই, আর প্রধানমন্ত্রী ঈদ করেন’; ‘খুনি দেলোয়ারের জামিন মানি না, মানব না’; ‘সরকার কার, শ্রমিকের নাকি মালিকের’ ইত্যাদি স্লোগান দেন শ্রমিকেরা।
সংহতি সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক শুধাংশু চক্রবর্তী ও কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশরেদা অদিতি হক, শ্রমিকনেতা জলি তালুকদার, কাজী রুহুল আমিন, তাসলিমা আক্তার, মাহবুবুর রহমান প্রমুখ।
টানা অনশনে গতকাল গুরুতর অসুস্থ অবস্থায় পোশাকশ্রমিক হিরু, বিল্লাল, পাখি, লাইজু ও লিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া হাফসা ও শায়না অচেতন হয়ে পড়লে অনশনস্থলের পাশেই স্যালাইন দেওয়া হয়। সব মিলিয়ে অসুস্থ শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯। এর মধ্যে হাসপাতালে আছেন ১৪ জন শ্রমিক।
এদিকে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটিতে এখন পর্যন্ত ১৫টি শ্রমিক সংগঠন সংহতি প্রকাশ করে যুক্ত হয়েছে। সংগঠনগুলো তোবার শ্রমিকদের জন্য একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করবে। এ ছাড়া তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের শাশুড়ি লাইলী বেগমকে গতকালও অবরুদ্ধ করে রাখেন শ্রমিকেরা।