বুধবার মূল বাজারে ফিরছে ওয়াটা কেমিক্যালস
মূল বাজারে ফিরছে ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারে থাকা ওয়াটা কেমিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার থেকে মূল বাজারে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হবে। আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেটেলমেন্ট অব ট্রানজেকশনস) রেগুলেশনস, ২০১৩-এর রেগুলেশন ২(১)(এ) অনুযায়ী প্রতিষ্ঠানটির লেনদেন হবে ‘এ’ ক্যাটাগরিতে।
ডিএসইর ওয়েবসাইটে আরও বলা হয়, প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এ ছাড়া প্রতি ২০০টি শেয়ারে একটি মার্কেট লট। ওটিসি বাজারের সর্বশেষ মূল্য অনুযায়ী লেনদেন লেনদেন শুরুর দাম ৪৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
২০১০ সালে ওয়াটা কেমিক্যালসকে ওটিসিতে পাঠানো হয়। পরে মূল বাজারে ফেরার শর্ত পূরণ হওয়ায় গত বছর মূল বাজারে ফেরার আবেদন করে প্রতিষ্ঠানটি। এর পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে মূল বাজারে ফিরিয়ে আনার অনুমোদন দেয়। সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটিকে মূল বাজারে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।
নিয়মিত এজিএম না করা, লভ্যাংশ ঘোষণা না করা, সময়মতো আর্থিক প্রতিবেদন জমা না দেওয়া, কোম্পানির উত্পাদন বন্ধ হওয়া, কোম্পানির শেয়ার ডিমেট না হওয়া প্রভৃতি কারণে বিভিন্ন কোম্পানিকে ওটিসিতে পাঠানো হয়। এসব শর্ত পূরণ হলে আবারও সেগুলোকে মূল বাজারে ফিরিয়ে আনা হয়।