বুধবার শুরু হচ্ছে স্কুল অব ইকোনমিকসের শিক্ষা কার্যক্রম
ঢাকা স্কুল অব ইকোনমিকসের (ডিএসসিই) শিক্ষাক্রম আনুষ্ঠানিক-ভাবে শুরু হচ্ছে ২২ ফেব্রুয়ারি বুধবার থেকে।অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমাকার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই দিন বিকেলে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পাস প্রাঙ্গণে এই কার্যক্রম উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন স্কুলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও রেক্টর কাজী খলীকুজ্জমান আহমদ। আপাতত রাজধানীতে (৪/সি, ইস্কাটন গার্ডেন রোড) বাংলাদেশ অর্থনীতি সমিতি ভবনে স্কুল অব ইকোনমিকসের ক্যাম্পাস রাখা হয়েছে।উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান (কনস্টিটিউটেন্স ইনস্টিটিউশন) হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে ঢাকা স্কুল অব ইকোনমিকস। প্রাথমিক পর্যায়ে নয় মাস মেয়াদি স্নাতকোত্তর বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স শুরু করছে ডিএসসিই। এর পাশাপাশি এ বছরই পরিবেশ অর্থনীতিতে দুই বছরের মাস্টার্স ডিগ্রি কোর্স শুরু করা হবে।