বুড়িগঙ্গার তীরে পানগাঁও টার্মিনাল শিগগির চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে পানগাঁও নৌ-টার্মিনাল আগামী এপ্রিলের শেষ নাগাদ বা মে মাসের শুরুর দিকে চালু হবে। এ জন্য এখন যাবতীয় প্রস্তুতি চলছে।চট্টগ্রাম বন্দর ভবনের সম্মেলনকক্ষে গতকাল বুধবার এক অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ তথ্য জানান। অনুষ্ঠানে পানগাঁও নৌ-টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মধ্যে একটি চুক্তি হয়েছে। বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার চুক্তিতে সই করেন।জানা গেছে, বিআইডব্লিউটিএ প্রায় ১৫৪ কোটি টাকা ব্যয়ে ৩২ একর জায়গার ওপর এই নৌ-টার্মিনাল নির্মাণ করেছে। চুক্তি অনুযায়ী টার্মিনালটির নিট আয় থেকে ৫০ শতাংশ বিআইডব্লিউটিএ পাবে।শাজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও নৌ-টার্মিনালে কনটেইনার আনা-নেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ তিনটি জাহাজ ক্রয়ের সব প্রস্তুতি নিয়েছে। কয়েক দিনের মধ্যে জাহাজগুলো দেশে আনা হবে। এর পাশাপাশি বেসরকারিভাবেও ৩২টি জাহাজ নির্মাণ করা হচ্ছে।নৌ-মন্ত্রী বলেন, টার্মিনালটি চালু হলে নদীপথে ঢাকা ও চট্টগ্রামে আমদানি-রপ্তানি পণ্যের কনটেইনার আনা-নেওয়া করা যাবে। এতে সড়কপথের ওপর নির্ভরতা কমবে এবং ব্যবসায়ীদের সময় ও খরচ বাঁচবে। তিনি আরও বলেন, এ নৌপথে চ্যানেল ঠিক রাখতে নিয়মিত খননকাজ করতে হবে। এ জন্য ৫০টি ড্রেজার দরকার। বর্তমানে তিনটি আছে। আগামী মে মাসের মধ্যেই মোট ১৪টি ড্রেজার সংগ্রহ করবে বিআইডব্লিউটিএ। আর বেসরকারি খাত থেকেও নেওয়া হচ্ছে ২২টি।নৌপথে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে শাজাহান খান বলেন, কোস্টগার্ডের টহল থাকবে। সার্বক্ষণিক টহলের জন্য নৌ-পুলিশও গঠন করা হচ্ছে। এ ব্যাপারে একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।শাজাহান খান জানান, উচ্চ আদালতে মামলা থাকায় বন্দরের চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এটি পরিচালনা করবে।গভীর সমুদ্র বন্দর নির্মাণে দাতা খোঁজা হচ্ছে জানিয়ে নৌমন্ত্রী বলেন, বিভিন্ন সংস্থার কাছে চিঠি দেওয়া হয়েছে। এরই মধ্যে চীন ও দুবাই অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে।