বুড়িমারী স্থলবন্দর দিয়ে ছয় বছর পর মাছ রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দর দিয়ে ছয় বছর পর আবার মাছ রপ্তানি শুরু হয়েছে।গত বৃহস্পতিবার এ বন্দর দিয়ে এক হাজার ৭৫০ মার্কিন ডলার মূল্যের ৮৭৫ কেজি ভেটকি (কোরাল) মাছ রপ্তানি হয়, যা শুক্রবার ভুটানের ফুয়েন্ট সলিং স্থলবন্দরে পৌঁছায় বলে রপ্তানিকারকেরা জানান।ময়মনসিংহের তিথি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিজয় ভূষণ দাস বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট তাসনিম এন্টারপ্রাইজের মাধ্যমে ভুটানের সাংমা টুক্কাই অঞ্চলের আমদানিকারক কয়াংগা টি উয়াংমো নামের এক ব্যবসায়ীর কাছে এই মাছ রপ্তানি করেন। জানা গেছে, ভুটানের ওই মাছ ব্যবসায়ী বাংলাদেশ থেকে বুড়িমারি স্থলবন্দর দিয়ে পাঁচ হাজার টন মাছ আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলেছেন। এর প্রথম চালানটি যায় গত বৃহস্পতিবার।২০০৬ সাল থেকে এই বন্দর দিয়ে প্রতিবেশী তিন দেশ যথাক্রমে ভারত, নেপাল ও ভুটানে কোনো ধরনের মাছ রপ্তানি করা হয়নি। এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার শরিফুল হাসান প্রথম আলোকে বলেন, পুনরায় মাছ রপ্তানির কার্যক্রম শুরু হওয়ার ফলে ব্যবসায়ীদের পাশাপাশি এ অঞ্চলের মাছচাষিদেরও লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।