বুড়িমারী স্থলবন্দরে সুবিধা বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িমারী স্থলবন্দরে সুযোগ-সুবিধা বাড়ানোসহ লালমনিরহাট জেলায় কৃষিজাত পণ্যনির্ভর শিল্পকারখানা স্থাপন এবং এখানকার পরিত্যক্ত বিমানবন্দরটিকে নেপাল ও ভুটানের জন্য ট্রানজিট বিমানবন্দর হিসেবে চালু করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।একই সঙ্গে ব্যবসায়ীরা লালমনিরহাট জেলায় ব্যবসা-বাণিজ্য ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে স্বল্পহার সুদে উদ্যোক্তাদের ঋণ প্রদান, আগামী ৩০ জুনের মধ্যে তিস্তা সড়ক সেতুর নির্মাণকাজ শেষ করে তা জুলাই মাসের মধ্যে চলাচলের জন্য খুলে দেওয়া ও ধরলা নদীতে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়াসহ বিভিন্ন দাবি জানান।বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরকে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ব্যবসায়ীরা এসব দাবি জানান। গত রোববার রাতে জেলা শহরের পুরানবাজারের কালিবাড়ীর চেম্বার ভবন মিলনায়তনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, জেলা চেম্বারের সাবেক সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মোফাজ্জল হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান প্রমুখ।জি এম কাদের চেম্বারের পক্ষ থেকে তুলে ধরা দাবিগুলোকে ন্যায়সংগত বলে উল্লেখ করেন। তিনি এসব দাবি যথাযথভাবে পূরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে উপস্থাপন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ত্বরান্বিত করতে যা যা করা সম্ভব তা করবেন। তবে এ জন্য লালমনিরহাটের জনগণ ও ব্যবসায়ীদের ধৈর্যধারণ ও ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে হবে। জি এম কাদের ব্যবসায়ীদের উদ্দেশ করে বলেন, একচেটিয়া ব্যবসা করে অতিরিক্ত মুনাফা তুলে নিলে সমাজে ভারসাম্যহীনতার সৃষ্টি হবে। যার ক্ষতিকর প্রভাব থেকে ব্যবসায়ীরাও রেহাই পাবেন না। তিনি বলেন, মুনাফার জন্যই ব্যবসা, কিন্তু সামাজিক দায়িত্ববোধের দিকটিও মাথায় রেখে কাজ করতে হবে।