বুড়িমারী স্থলবন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়
বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরটি ভারত, ভুটান ও নেপালের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হলেও অবকাঠামোসহ অন্যান্য সমস্যার কারণে এটি এখনো পুরোপুরি সচল হতে পারেনি। ‘দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে বুড়িমারী স্থলবন্দরের ভূমিকা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় গত শনিবার বক্তারা এ কথা বলেন। সভায় আমদানি-রপ্তানিকারকেরা এই বন্দরে মালামাল ওঠানো-নামানোর ক্ষেত্রে অত্যধিক মজুরি আদায়, বিদেশি পণ্যবাহী ট্রাকের চালকদের কাছ থেকে বকশিশের নামে টাকা আদায় করা হয় বলে অভিযোগ করেন। স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারকেরা যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করেন। পাটগ্রাম উপজেলার চেয়ারম্যান রুহুল আমিন বাবুলের সভাপতিত্ব সভায় বক্তব্য দেন লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ বাবু ও ঊর্ধ্বতন সহসভাপতি মোফাজ্জল হোসেন, আমদানি-রপ্তানিকারক এরশাদ হোসেন সাজু, আনোয়ারুল ইসলাম দিপু, রফিকুল ইসলাম প্রধান, শ্রীরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসা আলী এবং বন্দর শ্রমিক নেতা তৌহিদুল ইসলাম।