বৃষ্টি উপেক্ষা করেই দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কর মেলায় বেশ ভিড় করেছেন করদাতা-দর্শনার্থীরা। গতকাল শনিবার সারা দেশের ৬২টি আয়কর মেলায় ১ লাখ ৫৫ হাজার ৫৪০ জন এসেছেন। তাঁরা রিটার্ন জমা, ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেওয়া, ই-ফাইলিংসহ বিভিন্ন ধরনের সেবা নিতে এসেছেন কিংবা কর সম্পর্কে খোঁজ নিতে এসেছেন।
এক দিনেই প্রায় ২৬০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। আয়কর বিবরণী জমা দিয়েছেন ৩০ হাজার ২১৮ জন। নতুন টিআইএন নিয়েছেন ৪ হাজার ৮৯৬ জন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন এনবিআর ভবনে মূল মেলা চলছে। গতকাল সারা দিনই মেলায় করদাতাদের ভিড় ছিল।
এনবিআর সূত্রে আরও জানা গেছে, গতকাল পঞ্চম দিন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ১৩১ জন করদাতা রিটার্ন জমা দিয়ে ১ হাজার ৪১৭ কোটি টাকা কর দিয়েছেন। নতুন করদাতা হয়েছেন ২৭ হাজার ২২২ জন।
এদিকে গতকাল বিকেলে রাজধানীর আয়কর মেলায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে এনবিআরের অংশীদারত্ব সংলাপ হয়। এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গতকাল করশিক্ষণ ফোরামে রাজধানীর শেরেবাংলা নগর উচ্চবালিকা বিদ্যালয়ের ৫৯ জন শিক্ষার্থী অংশ নেয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।
তবে বৃষ্টির কারণে রাজধানীর কর মেলায় এসে অনেকেই ভোগান্তিতে পড়েন গতকাল। ব্যাংক, রিটার্ন জমা, ই-টিআইএন—সব বুথেই করদাতাদের ভিড় ছিল। বৃষ্টির কারণে অনেকে কাজ শেষ হওয়ার পরও মেলা প্রাঙ্গণ ছেড়ে যেতে পারেননি। তাই স্থান সংকুলানের অভাবে করদাতা-দর্শনার্থীর অনেকে মেঝেতে বসে পড়েন। এ নিয়ে অনেকে অসন্তোষ প্রকাশও করেন।