বৃষ্টিতে জমেনি বাণিজ্য ও পর্যটন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় গতকাল সকাল থেকেই শুরু হয় মুষলধারায় বৃষ্টি। যে কারণে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে চলমান নবম এশীয় বাণিজ্য ও পর্যটন মেলা অনেকটা ক্রেতাশূন্য হয়ে পড়ে।
মেলার দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে গিয়ে এমনটাই দেখা গেছে। সেমস গ্লোবাল আয়োজিত পাঁচ দিনব্যাপী এ মেলায় স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠান স্টল আছে।
বৃষ্টির মধ্যেও উত্তরা থেকে মেলায় আসা আলেয়া ফারজানা বলেন, ‘প্রতিবারই এ মেলায় ব্যতিক্রমী বেশ কিছু পণ্য আসে, তাই এসেছি। তবে দাম একটু বেশি নিচ্ছে।’
ভারতের কলকাতার জামদানিসহ বিভিন্ন শাড়ির সমাহার নিয়ে এসেছে বসাকপাড়া টাঙ্গাইল তন্তুবাই সমবায় সমিতি। প্রতিষ্ঠানটির কর্ণধার জি সি বসাক ক্রেতা সমাগম কম হওয়ায় তিনি হতাশা ব্যক্ত করে বলেন, ‘যেমন আশা করেছিলাম, তেমন সাড়া পাইনি।’
ভারতের গুজরাট থেকে হরেক রকমের প্রেশার কুকার নিয়ে মেলায় এসেছে সে দেশের সারাল কুকওয়্যার। প্রতিষ্ঠানটির বিপণন ব্যবস্থাপক কাজল চোপড়ে জানান, বাংলাদেশে সারাল ব্র্যান্ডের পেসার কুকারের আমদানিকারক ও পরিবেশক খুঁজতেই তাঁরা এই মেলায় অংশ নিয়েছেন।
দেশীয় প্রতিষ্ঠান সাথী ফ্রেশ ফ্রুটসস মেলায় দুবাইয়ের খেজুর বিক্রি করছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, প্রচারণার জন্য তাঁর প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে।
পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে আসা পেহনাইয়ি নামক প্রতিষ্ঠানের উদ্যোক্তা সাজিয়া জাভেদ বলেন, ‘ঈদ সামনে রেখে নতুন নকশার অনেকগুলো পোশাক বিক্রির জন্য এনেছি।’
ভারত এবং পাকিস্তানের আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান টু-পিস, থ্রি-পিস ও শাল, কুশন কভার, জুতা-স্যান্ডেল, টেবিল ম্যাটসহ
নানা ধরনের পণ্য বিক্রি করছে মেলায়।
বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের আরএফএল, বসুন্ধরা, নিটল মোটরস ও ইলেকট্রনিকসের মতো আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত নানা পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রি করছে।
বিভিন্ন টুর অপারেটর বা কোম্পানি ভ্রমণপিপাসুদের জন্য বিশেষ প্যাকেজ নিয়ে মেলায় এসেছে।
এ ছাড়া মেলায় নানা লোকজ সংস্কৃতিভিত্তিক আয়োজনও রয়েছে।