বৃষ্টিতেও জমজমাট আয়কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিতেও জমজমাট আয়কর মেলা। বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়েই রাজধানীর কর মেলায় অনেকে এসেছেন। সারা দেশের বিভিন্ন মেলা থেকে গতকাল রোববার প্রায় ২৪২ কোটি টাকার কর পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর সূত্রে জানা গেছে, গতকাল মোট ২০ হাজার ৯৮৮টি কর বিবরণী বা রিটার্ন জমা পড়েছে। আর ১ লাখ ৮ হাজার ৮৫৯ জন ব্যক্তি বিভিন্ন ধরনের কর সেবা নিয়েছেন। তবে আগের দুই দিনের তুলনায় করদাতার আগমন ও রিটার্ন জমার সংখ্যা কমেছে।
এনবিআর সূত্রমতে, মেলার প্রথম পাঁচ দিনে মোট ১ হাজার ৩৩৮ কোটি টাকা আয়কর আদায় হয়েছে। গত বছর একই সময়ে ১ হাজার ৯৭ কোটি টাকার কর আদায় হয়েছিল। গতকাল পর্যন্ত কর মেলায় ৯৮ হাজার ১০৬টি রিটার্ন জমা পড়েছে। গত বছর এ সময়ে ৯০ হাজার ৭৯৩টি রিটার্ন জমা পড়েছিল। এ বছর প্রথম পাঁচ দিনে নানা ধরনের সেবা নিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ১৩৯ জন। গত বছর এর সংখ্যা ছিল ৪ লাখ ৪৯ হাজার ৭৩০ জন।
গত ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সাতটি বিভাগীয় শহর সাত দিন, সব জেলায় চার দিন ও ৮৬টি উপজেলায় এক থেকে দুই দিন কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। সবচেয়ে বড় কর মেলা হচ্ছে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে। গতকাল সারা দিনের বৃষ্টিতে করদাতাদের ভোগান্তি পোহাতে হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলছে। আগামীকাল মেলা শেষ হবে। ২০১০ সালে ঢাকা ও চট্টগ্রামে প্রথম কর মেলা অনুষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিবছরই মেলা আয়োজন করছে এনবিআর। প্রতিবছরই মেলার পরিধি বাড়ছে। এ বছরই প্রথম উপজেলা পর্যায়ে মেলা অনুষ্ঠিত হচ্ছে।