বৃষ্টির অভাবে বেড়া-সাঁথিয়ায় এবার কাঁচা মরিচের উৎপাদন কমেছে
বৃষ্টির অভাবে দেশের অন্যতম মরিচ উৎপাদনকারী এলাকা পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় এবার মরিচ উৎপাদনে বিপর্যয় দেখা দিয়েছে। তা সত্ত্বেও কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। কৃষক ও ব্যবসায়ীরা বলেন, এই এলাকা থেকে ব্যবসায়ীরা কম দামে মরিচ কিনে নিয়ে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে দ্বিগুণ বা এর চেয়েও বেশি লাভে বিক্রি করেন। সরেজমিনে উত্তরাঞ্চলে কৃষিপণ্যের অন্যতম পাইকারি হাট বেড়ার করমজা চতুরহাটে ৬০ থেকে ৬৮ টাকা এবং সাঁথিয়ার কাশীনাথপুর হাটে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। হাটে আমদানিও খুব কম। কৃষকেরা ছোট ছোট ব্যাগে করে মাত্র এক থেকে তিন কেজি কাঁচা মরিচ নিয়ে হাটে আসছেন। অথচ অন্য বছরগুলোতে এই সময়ে কৃষকেরা বস্তাভরে কাঁচা মরিচ নিয়ে হাটে আসতেন। করমজা চতুরহাটে ব্যবসায়ী ঠাণ্ডু মিয়া বলেন, ‘বাজারে চাহিদামতো মরিচ পাওয়া যাচ্ছে না। তিন হাজার কেজি কেনার ইচ্ছা থাকলেও ম্যালা চেষ্টা কইর্যা দেড় হাজার কেজি মরিচ কিনছি। এই মরিচ চট্টগ্রামের পাইকারি বাজারে ১১০ টাকা কেজি দরে বেচতি পারব বলে আশা করত্যাছি।’করমজা চতুরহাটে গত শনিবার কৃষক আবদুল গফুর প্রথম আলোকে বলেন, ‘সগলে মনে করে কাঁচা মরিচের দাম বাড়ায় কৃষকের খুব লাভ হত্যাছে। আসলে কৃষকের কুনু লাভই নাই। লাভ যা হওয়ার তা হত্যাছে ব্যবসায়ীগের। হাটের পাইকারেরা এক কেজি মরিচের দাম ৬০ টাকার বেশি কয় না। অথচ ঢাকা-চট্টগ্রামে আমাগের এই মরিচই নাকি ব্যবসায়ীরা কেজিতে ৬০-৬৫ টাকা লাভে বেচতাছে।’এই হাটের কাঁচা মরিচের আড়ত মায়ের দোয়ার মালিক ওলিউল্লাহ বলেন, ‘পাইকারেরা ৬০-৬৫ টাকা কেজি দরে মরিচ কিন্যা ঢাকা-চট্টগ্রামে প্রায় দ্বিগুণ দামে বেচত্যাছে। এখনকার বাজার হিসেবে মরিচের চাষিরা দাম কমই পাচ্ছে।’সরেজমিনে সাঁথিয়ার চরভদ্রকোলা ও ঘুঘুদহ গ্রাম এবং বেড়া উপজেলার চাকলাসহ বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ খেতেই মরিচগাছের সজীবতা নষ্ট হয়ে গেছে। মরিচও ধরেছে খুবই সামান্য।বেড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, পরিমিত পরিমাণে বৃষ্টিপাত না হওয়ার কারণেই মরিচের ফলনের এমন অবস্থা হয়েছে। ভালোমতো বৃষ্টি হলেই গাছগুলো উৎপাদনে ফিরে আসবে।