দেশের বৃহত্তর বেনাপোল স্থলবন্দরের কিছু গুদামের (শেড) টিনের চাল দিয়ে পানি পড়ে। একই সঙ্গে বেড়েছে ইঁদুরের উৎপাত। এতে গুদামে রাখা আমদানি-রপ্তানি পণ্য নষ্ট হচ্ছে। ব্যবসায়ীরা বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সমাধান পাচ্ছেন না।
>বেনাপোল স্থলবন্দর: চালের টিন ছিদ্র হওয়াসহ নানা কারণে পণ্য রাখার অনুপযোগী হওয়ায় ইতিমধ্যে ছয়টি গুদাম পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই ছয় গুদামের ধারণক্ষমতা ছিল ১ হাজার ৬০০ মেট্রিক টন। এর বাইরেও কয়েকটি গুদামে বৃষ্টির পানি পড়ে পণ্য নষ্ট হচ্ছে
৪৭ হাজার ৪০০ মেট্রিক টন পণ্যের ধারণ ক্ষমতার ৪২টি শেড ও ইয়ার্ড (আঙিনা) রয়েছে বেনাপোল বন্দরে। চালের টিন ছিদ্র হওয়াসহ নানা কারণে পণ্য রাখার অনুপযোগী হওয়ায় ইতিমধ্যে ছয়টি গুদাম পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই ছয় গুদাম ১ হাজার ৬০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার ছিল। এগুলো ছাড়াও কয়েকটি গুদামে বৃষ্টির পানি পড়ে পণ্য নষ্ট হচ্ছে। এ ছাড়া প্রায় সব গুদামেই ইঁদুরের উপদ্রব আছে। ইঁদুর পণ্যের কার্টন কেটে ভেতরে ঢুকে ব্যাপক ক্ষতি করছে। এতে আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বেনাপোলের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্সি প্রতিষ্ঠান ইসলাম অ্যান্ড সন্স গত ১১ আগস্ট বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালককে চিঠি দেয়। এতে বলা হয়ে, আমদানি করা বিপুল পরিমাণ শিশুখাদ্য বন্দরের ১০, ১২, ১৩, ১৪, ২৩, ৪২, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর শেডে রাখা ছিল। সম্প্রতি এসব পণ্য খালাস করার সময় দেখা যাচ্ছে, পণ্যের কার্টন পানিতে ভেজা। কার্টনের মধ্যে ইঁদুর ও উইপোকা ঢুকে কেটে দিয়েছে। এর মধ্যে চারটি চালানের ১০০ কার্টন পণ্য ভেজা অবস্থায় খালাস নেওয়া হয়েছে।
ইসলাম অ্যান্ড সন্স বন্দর কর্তৃপক্ষের কাছে পণ্যের ক্ষতিপূরণ দাবি করে। একই সঙ্গে শেডের রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় তারা।
গত ৩০ আগস্ট বন্দরের ১৬ ও ২৩ নম্বর গুদাম ঘুরে দেখেন এই প্রতিবেদক। দেখা গেছে, ১৬ নম্বর গুদামে ভেতরে রাখা পণ্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। গুদামের চালের বিভিন্ন জায়গায় ছোট-বড় ছিদ্র। গুদামের ভেতর দাঁড়িয়ে ওই ছিদ্র দিয়ে আকাশ দেখা যাচ্ছে। অন্যদিকে ২৩ নম্বর গুদামের ভেতরে কয়েক জায়গায় পানি জমে আছে। দু-একটি ইঁদুর দৌড়াদৌড়ি করতেও দেখা গেল।
গুদামটির তত্ত্বাবধায়ক শাহিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির পানির যন্ত্রণায় রয়েছি। আট থেকে দশ জায়গায় ছিদ্র। এগুলো দিয়ে পানি পড়ছে। বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে।’
বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মতিয়ার রহমান বলেন, ‘বন্দরের শেডগুলো গোয়ালঘরে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে মালামাল ভিজে নষ্ট হচ্ছে। ইঁদুরে কেটে দিচ্ছে পণ্যের কার্টন। শেডের ইঁদুর নিধন ও পানি পড়া বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছি। কিন্তু এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।’
এ ব্যাপারে জানতে চাইলে বন্দরের পরিচালকের দায়িত্বে থাকা উপপরিচালক আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘গুদামের যতটা সমস্যার কথা ব্যবসায়ীরা বলেন, প্রকৃত অর্থে ততটা সমস্যা নেই। নয় নম্বর শেডের অবস্থা বেশি খারাপ ছিল। সেটি সংস্কার করা হয়েছে।’