বৃষ্টির মধ্যেই কেনাবেচা করল দুই দেশের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড বৃষ্টির মধ্যেই সকাল থেকে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা পণ্য নিয়ে বসেন। দুই দেশ থেকে ক্রেতারা এসেছেন, বেচাকেনাও ভালোই। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর আর ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্ত হাটের দৃশ্য এটি।
গতকাল বৃহস্পতিবারই উদ্বোধন করা হয়েছে এ হাটের। প্রথম দিনের হাটে আসা কয়েকজন ব্যবসায়ী জানান, বৃষ্টির মধ্যেও ভালো সাড়া পাওয়া গেছে। ভবিষ্যতে এটি আরও বাড়বে।
বাংলাদেশ-ভারত সরকারের যৌথ উদ্যোগে সীমান্তের ২০৩৯ পিলারের কাছে তারাপুর এবং কমলাসাগর এলাকায় দুই দেশের সমপরিমাণ (১ একর ৫০ শতক) জায়গায় সীমান্ত হাটটি হয়েছে। এই হাটে উভয় দেশের ২৫টি করে ৫০টি দোকান বসবে। একসঙ্গে ১৫০ জন করে দুই দেশের ৩০০ ক্রেতা কেনাকাটা করতে পারবেন। প্রতি বৃহস্পতিবার বেলা দেড়টা থেকে শুরু করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে হাট। তবে গতকাল প্রথম দিন সকাল ১০টায় হাট বসে।
শিখা প্রজ্বালনের মধ্য দিয়ে গতকাল দুপুরে সীমান্ত হাটের আনুষ্ঠানিক সূচনা হয়। তার আগে ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব ডি সি এস আইয়াঙ্গারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগম, কসবা পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ, সিপাহীজলার জেলা ম্যাজিস্ট্রেট প্রদীপ চক্রবর্তী প্রমুখ।
সীমান্ত হাটে বাংলাদেশি ব্যবসায়ীরা প্লাস্টিক পণ্য, মেলামাইন সামগ্রী, লুঙ্গি, শুঁটকি, শাকসবজি, অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, ফলমূল, স্থানীয়ভাবে তৈরি কৃষি, খাদি কাপড়, প্রসাধনী ইত্যাদি পণ্য নিয়ে বসেন।
অন্যদিকে ভারতীয় ব্যবসায়ীরা বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী, প্রসাধনী, টয়লেট্রিজ পণ্য, জুয়েলারি, গোল আলু, স্টিলের পণ্য, চা-পাতা, পাটের তৈরি পণ্য নিয়ে আসেন। বাংলাদেশি সবজি ব্যবসায়ী জহির আহাম্মদ বলেন, শাকসবজি ভালই বেচাকেনা হচ্ছে।