বৃহত্তম সিন্ডিকেট ঋণ পেল বিএসআরএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসআরএম স্টিল মিলস লিমিটেড দেশের করপোরেট খাতের বৃহত্তম সিন্ডিকেট ঋণ পেয়েছে। এটি হচ্ছে ফার্নেস প্রযুক্তিনির্ভর বিশ্বের বৃহত্তম স্টিল বিলেট প্রস্তুতকারক প্রকল্প বা কারখানা।

ঢাকায় সম্প্রতি প্রতিষ্ঠানটির অর্থ সংগ্রহ কার্যক্রমের সমাপনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

আইডিএলসি ফিন্যান্স লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও দ্য সিটি ব্যাংক লিমিটেড যৌথভাবে এই প্রকল্পে স্থানীয় মুদ্রায় ৫৯০ কোটি ৮০ লাখ টাকা এবং বিদেশি মুদ্রায় চার কোটি মার্কিন ডলারের দীর্ঘমেয়াদি সিন্ডিকেট ঋণ দিচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে বিএসআরএম গ্রুপ এর অন্যান্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য মানসম্পন্ন বিলেট উৎপাদন করবে। এই সিন্ডিকেশন ঋণে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়াসহ ২৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বাংলাদেশের করপোরেট খাতে এটিই হলো সিন্ডিকেশনের মাধ্যমে দেওয়া সবচেয়ে বড় বাণিজ্যিক ঋণ।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসেইন আকবর আলি বিএসআরএম গ্রুপের এ ধরনের একটি পশ্চাৎ-মুখী সংযোগশিল্প স্থাপনে আর্থিক ও নৈতিক সমর্থন প্রদানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।