বৃহস্পতিবারের মধ্যে রুলের জবাব: ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের শেয়ার ধারণ-সম্পর্কিত হাইকোর্টের রুলের জবাব আগামী বৃহস্পতিবারের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি মো. রকিবুর রহমান। আজ রোববার এসইসির চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠক শেষে ডিএসইর সভাপতি সাংবাদিকদের এ কথা বলেন।রকিবুর রহমান বলেন, ‘এসইসিকে সঙ্গে নিয়ে এই সপ্তাহের মধ্যেই হাইকোর্টের রুলের জবাব দেওয়া হবে।’ তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই পরিচালকদের শেয়ার ধারণের সময়সীমা বাড়ানো হবে না। বিষয়টি নিয়ে বাজারে যে গুজব রয়েছে, তার কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।এদিকে আজ ডিএসইর বাজেট প্রস্তাব নিয়ে এসইসির সঙ্গে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী। তিনি বলেন, ডিএসইর পক্ষ থেকে শেয়ারবাজারে বিনিয়োগ করে ২৫ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয়কে আগামী বাজেটে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। অন্য প্রস্তাবের মধ্যে রয়েছে: যেসব ব্যক্তির ন্যূনতম বার্ষিক আয় ১০ লাখ টাকা, সেসব ব্যক্তি নতুন করে ‘বিও’ হিসাব খুলে কমপক্ষে ৫০ হাজার টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করলে তাঁদের ৫০ শতাংশ কর রেয়াতের সুবিধা প্রদান; তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির করের ব্যবধান কমপক্ষে ৫ শতাংশ রাখা; একই সঙ্গে তালিকাভুক্ত বীমা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর ৪২ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ করা; ‘আইপিও’ প্রক্রিয়া সহজ ও খরচ কমানোর জন্য ১০ কোটি টাকার ওপরে যেসব কোম্পানি আইপিওতে বাজারে আসবে, তাদের কার্যক্রম ডিপি নেটওয়ার্কের মাধ্যমে সম্পন্ন করা। এ ছাড়া ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট দ্রুত প্রণয়ন এবং তালিকাভুক্ত কোম্পানির বিভিন্ন অভিযোগ বা মামলা নিষ্পতির লক্ষ্যে প্রাথমিকভাবে এসইসির অধীনে একটি ট্রাইব্যুনাল গঠনেরও প্রস্তাব করা হবে বলে জানান আহমেদ রশিদ লালী।আগামী বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠক করে এই বাজেটের প্রস্তাব দেওয়া হবে বলে এ সময় জানানো হয়।এ ছাড়া ডিএসইতে একটি তথ্য সেন্টার বা ‘হেল্প ডেস্ক’ খোলা হবে বলে জানান রকিবুর রহমান। এই তথ্য সেন্টার থেকে বাজারে ছড়ানো গুজবসহ যেকোনো তথ্য যাচাই-বাছাই করার সুযোগ থাকবে বলেও জানান তিনি।এদিকে রাজনৈতিক অস্থিরতা বাজারে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন রকিবুর রহমান। তবে ভালো মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা কম থাকে বলেও মনে করেন তিনি।