
বাড়ছে বড় ঋণ, সেই সঙ্গে বাড়ছে খেলাপি ঋণ। আবার এ সময়ে বৃহৎ ঋণের অবলোপনও বেড়েছে আশঙ্কাজনক হারে। অথচ অর্ধযুগ ধরে বৃহৎ ঋণের পরিবর্তে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতে ঋণ বাড়াতেই ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ‘ব্যাংকে ঋণ পুনঃ তফশিল ও অবলোপনের প্রভাব’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। গবেষণায় ৫০ কোটি টাকার বেশি ঋণকে বৃহৎ ঋণ হিসেবে বিবেচনায় নিয়েছে বিআইবিএম। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। বিআইবিএমের এ কে গঙ্গোপাধ্যায় চেয়ারের অধ্যাপক, সাবেক ব্যাংকার এস এ চৌধুরীর নেতৃত্বে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনের তথ্যমতে, বৃহৎ ঋণের পরিমাণ প্রতিবছরই বাড়ছে। ২০১০ সালে ব্যাংক খাতে বিতরণ করা ঋণের মধ্যে বৃহৎ ঋণ ছিল ১৮ দশমিক ৮০ শতাংশ। ২০১১ সালে ৫০ কোটি টাকার বেশি ঋণ নেওয়ার পরিমাণ বেড়ে হয় ২১ দশমিক ৪৩ শতাংশ, ২০১২ সালে তা হয় ২২ দশমিক ৩৮ শতাংশ ও ২০১৩ সালে ২৩ দশমিক ৭৮ শতাংশ। ২০১৪ সালে বৃহৎ ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে হয় ৩১ দশমিক ৫৯ শতাংশ। ২০১৪ সালে ব্যাংক খাতে দেওয়া মোট ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৯১ হাজার কোটি টাকা।
এদিকে বৃহৎ ঋণের মধ্যে ২০১০ সালে খেলাপি ঋণ ছিল সাড়ে ৪ শতাংশ, ২০১১ সালে খেলাপি কমে হয় ২ দশমিক শূন্য ৪ শতাংশ। ২০১২ সালে বৃহৎ ঋণের খেলাপি বেড়ে হয় ৫ দশমিক ৪০ শতাংশ। ২০১৩ সালে এ ক্ষেত্রে খেলাপি ছিল ৬ দশমিক ২১ শতাংশ ও ২০১৪ সালে ৫ দশমিক ৫৮ শতাংশ।
ব্যাংকিং খাতে এখন বৃহৎ ঋণের পরিমাণই বেশি। ফলে খেলাপি ঋণের মধ্যে বৃহৎ ঋণের পরিমাণও উল্লেখযোগ্য। যেমন মোট খেলাপি ঋণের মধ্যে ২০১০ সালে বৃহৎ খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩৭ দশমিক ৯৬ শতাংশ। ২০১১ সালে তা হয় ৩৮ দশমিক ১১ শতাংশ ও ২০১২ সালে ৪০ দশমিক ৪১ শতাংশ। ২০১৩ সালে বৃহৎ খেলাপি আরও বৃদ্ধি পেয়ে হয় ৪২ দশমিক শূন্য ৪ শতাংশ ও ২০১৪ সালে ৪৩ দশমিক ৮২ শতাংশ।
গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বৃহৎ ঋণ অবলোপনের হারও বেশি। অবলোপন করা ঋণের মধ্যে বৃহৎ ঋণই বেশি। ২০১০ সালে বৃহৎ খেলাপি ঋণের মধ্যে ৪৫ দশমিক ৭৬ শতাংশ অবলোপন করা হয়, ২০১১ সালে অবলোপন করা হয় ৬৪ দশমিক ৪৬ শতাংশ। ২০১২ সালে হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকগুলো ঋণ অবলোপন থেকে অনেকটা বিরত ছিল। এ বছর বৃহৎ ঋণ অবলোপন হয় ৭ দশমিক ৬৪ শতাংশ। এরপর আবার অবলোপন বাড়তে শুরু করে। ২০১৩ সালে অবলোপন ৩৪ দশমিক ৭ শতাংশ ও ২০১৪ সালে ঋণ অবলোপন করা হয় ৩৬ দশমিক শূন্য ৩ শতাংশ।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে বেরিয়ে এসেছে, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০১০-১২ সাল পর্যন্ত যেসব ঋণ অনুমোদন করেছিল, ২০১৩ সালেই এসব ঋণ অবলোপন করা হয়। আর এর মাধ্যমে দোষীদের আড়াল করা হয়েছে। ২০১১ ও ২০১২ সালে বিতরণ করা খালেক অ্যান্ড গংয়ের মালিকানাধীন মেসার্স নুরজাহান সুপার অয়েলের ৬৫ কোটি, খালেক অ্যান্ড সন্সের ২০৬ কোটি, মাররীন ভেজিটেবল অয়েলের ৩০৬ কোটি, তাসমিন ফ্লাওয়ারের ২৭ কোটি, জাসমীর ভেজিটেবলের ৮৬ কোটি টাকা অবলোপন করে ব্যাংকটি। একই গ্রুপেরই মালিকানাধীন ৬৯১ কোটি টাকা অবলোপন করা হয়। একইভাবে লালদীঘি পূর্ব করপোরেট শাখায় মেসার্স চিটাগাং ইস্পাত ও রুবাইয়া ভেজিটেবল অয়েলের দায় ১৪৮ কোটি টাকা অবলোপন করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অগ্রণী ব্যাংক ২০১৩ সালে ৯ হাজার ৯০৫টি হিসাবের বিপরীতে ১ হাজার ৩১২ কোটি টাকা ঋণ অবলোপন করেছে। এর মধ্যে ছিল চট্টগ্রামের পাঁচটি শাখার ১ হাজার ২২২ কোটি টাকা, যা অবলোপনকৃত ঋণের ৯৩ শতাংশ। এসব ঋণের ক্ষেত্রে অনিয়ম ছিল, এ কারণে দ্রুতই অবলোপন করে ফেলা হয়েছে।
বিআইবিএমের গবেষণায় বলা হয়েছে, শীর্ষ ৫০০ ঋণগ্রহীতার মধ্যে ২০১০ সালে খেলাপি ছিল ৭ দশমিক শূন্য ২ শতাংশ, ২০১১ সালে তা কমে হয় ৪ দশমিক ৭৬ শতাংশ, ২০১২ সালে তা আবার বেড়ে হয় ১৬ দশমিক ৫০ শতাংশ, ২০১৩ সালে হয় ১৮ দশমিক ৭২ শতাংশ এবং ২০১৪ সালে ১৭ দশমিক ২০ শতাংশ।
মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিন সামগ্রিক বিষয়ে প্রথম আলোকে বলেন, বৃহৎ ঋণে লাভ বেশি, তাই ব্যাংকও এদিকে ছোটে। আবার এসব ঋণ খেলাপিও হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এটা ইচ্ছাকৃত আবার কোনো ক্ষেত্রে ব্যবসার পরিবেশ খারাপ হওয়ার কারণে। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ চলছে, এ জন্য নির্মাণপ্রতিষ্ঠানগুলো ঋণ নিচ্ছে। এর ফলেও বৃহৎ ঋণ বাড়ছে।