বেইলি রোডে জামদানি শাড়ির মেলা চলছে

রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ের মাঠে পক্ষকালব্যাপী জামদানি শাড়ির মেলা শুরু হয়েছে। গত রোববার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জামদানির হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার সব ধরনের নীতিগত সহায়তা দেবে। প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় তাঁতবস্ত্রের স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা যেতে পারে। ব্যবসায়ী ও সরকারের যৌথ উদ্যোগে এটি স্থাপন করা সম্ভব বলে তিনি মত দেন। জামদানি শাড়ি রপ্তানিতে প্রণোদনা দেওয়ার বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, জামদানি শাড়ি রপ্তানিতে ১৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হতো। কিন্তু ১৯৯৮ সালে তা প্রত্যাহার করা হয়। বাংলাদেশ ওয়েভার্স প্রোডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার বিজনেস অ্যাসোসিয়েশন মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এখানে জামদানি শাড়ি ছাড়াও বিভিন্ন ধরনের তাঁতবস্ত্র পাওয়া যাচ্ছে। ঈদের দিন পর্যন্ত মেলা চলবে।
বাসস