বেকারত্বের তাত্ত্বিক কাঠামো ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বেকারত্ব একটি কৃত্রিম জিনিস। মানুষ কখনো বেকার হতে পারে না। বেকারত্ব সৃষ্টির যে তাত্ত্বিক কাঠামো তৈরি হয়েছে, তা একটি ভুল কাঠামো।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনূস সেন্টারের যৌথ আয়োজনে সোশ্যাল বিজনেস একাডেমিয়াতে প্রধান অতিথির বক্তব্যে গতকাল বুধবার মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বেকারত্ব দূর করতে সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে মুহাম্মদ ইউনূস বলেন, ‘এবারের সামাজিক ব্যবসা সম্মেলনের মূল কথা ছিল, আমরা চাকরিপ্রার্থী হব না, চাকরিদাতা হব। কথাটা শুনতে বেখাপ্পা লাগলেও কাজটা সহজ। আমরা চাকরি পাওয়ার জন্য যে টাকা ঘুষ হিসেবে দিচ্ছি, সেটা সংগ্রহ করলেই বিরাট ব্যবসার ক্ষেত্র হয়ে যায়। সামাজিক ব্যবসার জন্য টাকার দরকার নেই। শুধু বুদ্ধি নিয়ে এলেই হবে, বিনিয়োগকারী ও বুদ্ধিদাতার মধ্যে সংযোগ স্থাপন করা আমাদের কাজ।’
শিক্ষাজীবন থেকেই সামাজিক ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া সম্ভব উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের শুধু শেখানো হচ্ছে, এটা শেখো, না হলে চাকরি পাবে না। এটা আমাদের লক্ষ্য নয়। শুধু বেকারত্ব থেকে মানুষকে মুক্তি নয়, সামাজিক সমস্যা সমাধানের জন্য সামাজিক ব্যবসা দরকার। এ জন্য ছাত্র থাকা অবস্থায়ই সামাজিক ব্যবসা করা যায়। দুনিয়ার বড় বড় ব্যবসায়ীরা কলেজে থাকতেই ব্যবসা শুরু করেছিলেন। আমাদের শুধু চিন্তার পরিবর্তন দরকার।’
সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মো. এস কাদির পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান শামীম এইচ পাটোয়ারী, উপাচার্য অধ্যাপক নুরুল মোমেন প্রমুখ। সম্মেলনে আয়োজক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।