বেক্সিমকোর ওষুধ যাচ্ছে যুক্তরাষ্ট্রে

দেশের অন্যতম বড় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের ওষুধ যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের প্রথম সুযোগ পাচ্ছে। উচ্চ রক্তচাপের ওষুধ কার্ভোডিলল রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্রের রোগীদের জন্য।
গতকাল বৃহস্পতিবার ওষুধ রপ্তানি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, যুক্তরাষ্ট্রের এফডিএর (ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি) নিয়মনীতি ও প্রশাসন খুবই কড়া। বেক্সিমকো সর্বোচ্চ মান নিশ্চিত করে এফডিএর অনুমোদন পেয়ে ওষুধ রপ্তানি করছে।
রাজধানীর একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে বেক্সিমকো। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাটের হাতে বেক্সিমকোর পক্ষ থেকে কিছু ওষুধ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৫ সালে বেক্সিমকোর ওষুধ এফডিএর অনুমোদন লাভ করে।
মার্শা বার্নিকাট বলেন, জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বিদেশি বিনিয়োগকারীদের পুনরায় আশ্বস্ত করতে সরকারকে এমন কাজ হাতে নিতে হবে যেন কারখানা ও ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ওষুধ পরীক্ষার জন্য দেশে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার আছে। এ ক্ষেত্রে জনবল-সংকট দূর করার জন্য তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান প্রতিষ্ঠানের সূচনা, বিকাশ ও বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বেক্সিমকোতে কাজ করার সময়কার কিছু ঘটনা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রপ্তানির সফলতা দেশের গোটা ওষুধশিল্পের।