বেক্সিমকোর বিরুদ্ধে মামলা করবে বিডিবিএল
খেলাপি ঋণ আদায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকোর বিরুদ্ধে মামলা হচ্ছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল এই মামলা করার ঘোষণা দিয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গতকাল রোববার এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিডিবিএল বলছে, ১৯৯৪ থেকে ১৯৯৫ সালে বেক্সিমকো টেক্সটাইলের নামে ১৮ কোটি টাকা ঋণ নেওয়া হয়। বেক্সিমকো টেক্সটাইল পরে বেক্সটেক্স এবং বেক্সটেক্স পরবর্তীকালে বেক্সিমকোর সঙ্গে একীভূত হয়।
ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০১৩ সালের সেপ্টেম্বরের শেষে বেক্সিমকোর কাছে অনাদায়ি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও বেক্সিমকো এই টাকা পরিশোধ না করায় অর্থঋণ আদালতে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঋণ আদায়ে কোম্পানির সম্পত্তি বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছে বিডিবিএল।