বেঙ্গল উইন্ডসরের আইপিও আবেদন শুরু কাল
পুঁজিবাজারে তালিকাভুক্তির লক্ষ্যে আগামীকাল রোববার বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা নেওয়া শুরু হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আইপিওর আবেদন করতে পারবেন। আজ শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা যায়, বেঙ্গল উইন্ডসর লিমিটেড আইপিওর মাধ্যমে এক কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ৪০ কোটি টাকা উত্তোলন করবে।প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ১৫ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। ২০১১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৬২ টাকা ও শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৯.৫০ টাকা।এই প্রতিষ্ঠানের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।প্রতিষ্ঠানটি পোশাকসামগ্রী তৈরি ও রপ্তানি করে থাকে। আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যয় করা হবে বলে প্রসপেক্টাসে উল্লেখ করা হয়।