বেচাকেনা কমছে চায়ের নিলাম বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চায়ের নিলাম বাজারে কেনাবেচা ।  প্রথম আলো
চট্টগ্রামে চায়ের নিলাম বাজারে কেনাবেচা । প্রথম আলো

শীত মৌসুমে চায়ের চাহিদা থাকে সবচেয়ে বেশি। এ সময় নিলাম বাজার থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত চায়ের বেচাকেনা বেড়ে যায়। অথচ এবার ভরা মৌসুমে চায়ের ক্রেতা নেই নিলাম বাজারে। এ কারণে ক্রেতা-বিক্রেতা-ব্যবসায়ীরা সবাই হতাশ।

নিলাম বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, অবরোধের কারণে গত সপ্তাহে চট্টগ্রামে চায়ের আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হয়নি। এ কারণে চায়ের ২৯তম নিলাম অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার। অবরোধ ও হরতালের মুখে ঢাকা, রাজশাহীসহ চট্টগ্রামের বাইরের চায়ের ক্রেতারা নিলামে অংশ নিতে পারেননি।
চা ব্রোকার হাউসের কর্মকর্তারা জানান, স্বাভাবিক সময়ে নিলামে ৫০ থেকে ৬০ জন প্রকৃত ক্রেতা অংশ নেন। কিন্তু গতকাল প্রকৃত ক্রেতার সংখ্যা কমে দাঁড়ায় ২৫-৩০ জনে। এই নিলামে ৪৭ হাজার ব্যাগ বা প্রায় পৌনে ২৬ লাখ কেজি চা বিক্রির জন্য তোলা হয়। তবে দুপুর পর্যন্ত ৪০ শতাংশ চা-ও বিক্রি হয়নি।

জানতে চাইলে চা ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবদুল হাই চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, আগের নিলাম থেকে যাঁরা চা-পাতা কিনেছেন, তাঁরা সরবরাহ নিতে পারেননি। নিলাম থেকে কেনার পর পাইকারি বাজারে বিক্রি করা হয়। কিন্তু বেচাবিক্রি কমে যাওয়ায় ভরা মৌসুমেও চায়ের নিলামে এমন দুরবস্থা চলছে। তবে হরতাল-অবরোধ না থাকলে চায়ের বাজার চাঙা হবে বলে মনে করেন তিনি।

নিলাম বাজার সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ নিলামে চায়ের সরবরাহের তুলনায় বিক্রির পরিমাণ কম থাকায় দাম ছিল কমতির দিকে। কেজিপ্রতি চায়ের দাম কমেছে পাঁচ টাকা। তবে গতকাল চায়ের গড় মূল্য জানা যায়নি।
চা বেচাকেনায় মধ্যস্থতাকারী ব্রোকার হাউসগুলোর প্রতিবেদনে দেখা যায়, গত মাসে অনুষ্ঠিত ২৭তম নিলামে দানাদার ও গুঁড়া চায়ের কেজিপ্রতি গড় মূল্য ছিল যথাক্রমে ২০৭ টাকা ও ১৯৯ টাকা। গত বছরের একই নিলামে দুই ধরনের চায়ের গড় মূল্য ছিল যথাক্রমে ২০৬ ও ২০৮ টাকা।

চা ব্যবসায়ীরা বলেন, হরতাল-অবরোধের কারণে অধিকাংশ দোকান বন্ধ থাকে। যেসব দোকান খোলা থাকে, সেগুলোতেও ক্রেতা থাকে কম। তাই ভরা মৌসুম হলেও হরতাল-অবরোধের কারণে চাহিদা কমায় খুচরা দোকানগুলোতে বিক্রি কমে গেছে। এর প্রভাব পড়ছে পাইকারি বাজার হয়ে চা মোড়কজাত কোম্পানিগুলো পর্যন্ত।

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী আহমেদ কবীর প্রথম আলোকে জানান, হরতাল-অবরোধে এমনিতেই স্বাভাবিক সময়ের চেয়ে ক্রেতা কম থাকে। তাই বিক্রিও কম হয়। তবে এখন পর্যন্ত খুচরায় চায়ের দাম স্থিতিশীল আছে। আর প্যাকেটজাত চা ব্র্যান্ডভেদে প্রতি কেজি ৩১০ থেকে ৩১৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে কয়েকটি ব্র্যান্ডের চা ২৮০ টাকায়ও বিক্রি হচ্ছে।