বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের পঞ্চম সভা আজ বৃহস্পতিবার। বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এ সভায় অর্থনৈতিক অঞ্চলগুলোর জমির ভাড়া ও শ্রমিক কল্যাণ তহবিল গঠনের বিষয়টি অনুমোদন হতে পারে।
দেশে ২০৩০ সালের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দায়িত্বপ্রাপ্ত বেজা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি সংস্থা। এর গভর্নিং বোর্ডের সভাটিও অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
সভার আলোচ্যসূচি অনুযায়ী, ১৬টি অর্থনৈতিক অঞ্চলে জমির ভাড়া সুপারিশ করা হয়েছে শূন্য দশমিক ৩৫ থেকে ২ মার্কিন ডলার। এ হারে এককালীন ৫০ বছরের জন্য চুক্তি করে জমি ইজারা নিতে পারবেন বিনিয়োগকারীরা। এ ছাড়া বছর ভিত্তিতেও জমি নিতে পারবেন বিনিয়োগকারীরা। অর্থসচিবের নেতৃত্বে একটি কমিটি ভাড়ার এ হার সুপারিশ করেছিল।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, গভর্নিং বোর্ড ভাড়ার হার অনুমোদন দিলে বেজা জমি বরাদ্দ দেওয়া শুরু করতে পারবে।
অর্থনৈতিক অঞ্চলগুলোতে যেসব শ্রমিক কাজ করবেন, তাঁদের জন্য একটি কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে বেজা। এটিও আজ অনুমোদন হতে পারে।