বেড়েছে সূচক, কমেছে লেনদেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালে আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। তবে লেনদেন সামান্য কমেছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪২০২ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সঙ্গে সাধারণ মূল্যসূচক ১০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩,১২১ পয়েন্টে।আজ ডিএসইতে মোট ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮টির দাম বেড়েছে, কমেছে, ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ২৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা কম। অন্যদিকে সিএসইতে আজ ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ৮৪টির দাম বেড়েছে, কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে প্রায় ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, গ্রামীণফোন, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, তিতাস গ্যাস, লংকাবাংলা ফিন্যান্স, যমুনা অয়েল, সানলাইফ ইনস্যুরেন্স, মেঘনা পেট্রোলিয়াম ও বেক্সিমকো।